ইরানের বিরোধীদলীয় নেতা মেহদি কারোউবি গৃহবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান সরকার বিরোধীদলীয় নেতা মেহদি কারোউবিকে গৃহবন্দী করেছে। কারোউবির ন্যাশনাল ট্রাস্ট পার্টির ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ পর্যন্ত এই পদক্ষেপ বলবত্ থাকবে। তাঁরা আরও জানিয়েছেন, কারোউবির স্ত্রী ছাড়া আর কাউকে তাঁর বাসভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তিউনিসিয়া ও মিসরে চলমান আন্দোলনের সমর্থনে কারোউবি এবং অপর বিরোধী নেতা মীর হোসাইন মৌসাভি আগামী সোমবার দেশটিতে মিছিল-সমাবেশের ডাক দিয়েছিলেন। কর্তৃপক্ষ ওই সমাবেশকে রাজনৈতিক আন্দোলন বলে অভিহিত করে তা আয়োজনের অনুমতি দেয়নি। তবে ইরানের কর্তৃপক্ষ বলছে, মিসরের আন্দোলনকে তারা সমর্থন করে। দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র গত বুধবার জানিয়েছেন, ইরান বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত শুক্রবারের সমাবেশেই ইরানের জনগণের উচিত মিসরের প্রতি সংহতি প্রদর্শন করা। সংহতি সমাবেশের জন্য আলাদা দিন বাছাই করার অর্থ ‘বিভাজন’ তৈরি করা।মিসর ও তিউনিসিয়ার আন্দোলনরত জনতার প্রতি সংহতি জানানোর জন্য একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের লক্ষ্যে গত রোববার মৌসাভি ও কারোউবি সরকারের কাছে আবেদন করেন। এরপরই কারোউবির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।২০০৯ সালে ইরানের বর্তমান প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিরুদ্ধে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন মাহদি কারোউবি। বিরোধীরা ওই নির্বাচনে আহমাদিনেজাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনেন। এরপর থেকেই তিনিসহ অপর বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের বিধি-নিষেধ ও নির্যাতন অব্যাহত রয়েছে।