ইরানের যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দেশটিতে উদ্বোধন করা নতুন যুদ্ধবিমানটি রাডার-ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম। ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।ইরান দাবি করেছে, গতকাল শনিবার তারা স্থানীয়ভাবে নির্মিত একটি যুদ্ধবিমান উদ্বোধন করেছে। ইরান বিপ্লবের ৩৪তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কাহার-৩১৩’ নামের এই যুদ্ধবিমানের উদ্বোধন করেন। টেলিভিশনে প্রচারিত চিত্রে দেখা গেছে, ধূসর বর্ণের যুদ্ধবিমানটিতে সৃজনশীলতার ছাপ রয়েছে।ওই অনুষ্ঠানে আহমাদিনেজাদ দাবি করেন, এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান। যুদ্ধবিমান তৈরিতে তাঁদের এই সফলতা সামরিক প্রযুক্তিতে ইরানের আত্মনির্ভরশীলতারই প্রতিফলন।সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বহরে আধুনিক প্রযুক্তির সমরাস্ত্রের সমাবেশ ঘটানোর দাবি করে আসছিল তেহরান। তবে এত দিন তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। কারণ দেশটি তাদের অস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করে না। ইরানের বিমানবাহিনীর কয়েক ডজন রুশ ও মার্কিন মডেলের যুদ্ধবিমান আছে। এই যুদ্ধবিমানগুলো ১৯৭৯ সালের বিপ্লবের আগে সংগ্রহ করেছিল ইরান। এরপর দেশটির ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সামরিক খাতের তেমন অগ্রগতি হয়নি। তাই তাদের তৈরি এই যুদ্ধবিমানটির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা।