ইরানের সঙ্গে আলোচনা শুরু করছে পশ্চিমা বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্থবির হয়ে পড়া আলোচনা আবার শুরু হতে যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে রাশিয়ার একটি নতুন পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সমর্থন দেওয়ার পর এই আলোচনার পথ উন্মুক্ত হলো।পশ্চিমা একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ‘পর্যায় ক্রমিক’ ওই পরিকল্পনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী আজ মস্কোতে বৈঠকে বসছেন। এ পরিকল্পনায় তেহরানকে স্বচ্ছতার সঙ্গে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়টিতে সমর্থন দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহারের কথা রয়েছে।ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার পর্যায় ক্রমিক এ পরিকল্পনাকে ইরান স্বাগত জানায়। ইরান এই পরিকল্পনায় সহযোগিতা করতেও প্রস্তুত।’ তবে ইরানের পররাষ্ট্রনীতি ও পরমাণু বিষয়সহ রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর কাছ থেকে। ল্যাবরোভ গত জুন মাসে ওয়াশিংটনে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এই পরিকল্পনাটি হস্তান্তর করেন। রাশিয়ার কূটনীতিকেরা বলছেন, পরিকল্পনাটিতে যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলোরও সমর্থন রয়েছে। তবে এর আগে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে রাশিয়ার মধ্যস্থতাকে সন্দেহের চোখে দেখত ওয়াশিংটন।গত জানুয়ারি মাসে পরমাণু কর্মসূচি বিষয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর প্রথম দফা আলোচনা ভেঙে যায়। ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উপায়ে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে জাতিসংঘসহ পশ্চিমদেশগুলো তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।