ইরানের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানকে বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে কানাডা। গতকাল শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরানে কানাডার দূতাবাস বন্ধ করে দিয়েছেন তাঁরা। একই সঙ্গে কানাডায় অবস্থিত ইরানের সব কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে সে দেশ ত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) বৈঠকে অংশ নিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এখন রাশিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালাতে পারে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, এর সঙ্গে কানাডার নেওয়া এ পদক্ষেপের কোনো সংশ্লিষ্টতা নেই। জন বেয়ার্ডের উদ্ধৃতির বরাত দিয়ে একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘ইরানে সামরিক হামলার বিষয়ে আমাদের কাছে কোনো সুনিশ্চিত তথ্য নেই।’কানাডার রক্ষণশীল সরকারের সঙ্গে ইরানের সম্পর্ক অনেক দিন ধরেই খারাপ যাচ্ছিল। সে দেশের সরকার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। এক বিবৃতিতে বেয়ার্ড অভিযোগ করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সামরিক সহায়তা দিচ্ছে ইরান। ইরানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ পরিচালনার জন্যও দায়ী করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কানাডার দৃষ্টিতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য ইরান আজ একটি বড় হুমকি।’ কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর মধ্যে কানাডার ১০ জন কূটনীতিক তেহরান ত্যাগ করেছেন। কানাডায় বর্তমানে ১৭ জন ইরানি কূটনীতিক রয়েছেন। তাঁদের পাঁচ দিনের মধ্যে কানাডা ত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে কানাডার নেওয়া এ পদক্ষেপের প্রশংসা করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পদক্ষেপকে দৃঢ় নেতৃত্বসুলভ বলে অভিহিত করেছেন।