ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করছে তুরস্ক ও ব্রাজিল
পরমাণু কর্মসূচির কারণে জাতিসংঘ যাতে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ না করে সে উদ্দেশ্যে তুরস্ক ও ব্রাজিল ইরানের সঙ্গে আণবিক জ্বালানি-সম্পর্কিত একটি প্রস্তাবিত কিন্তু অসমাপ্ত চুক্তি সম্পাদনের নতুন উদ্যোগ নিয়েছে। পাশ্চাত্যের কূটনীতিকেরা গতকাল শুক্রবার এ কথা জানান।জাতিসংঘের কূটনীতিকেরা বলেন, চীন, রাশিয়া, ব্রাজিল ও তুরস্ককে এ চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি। কারণ, চীন ও রাশিয়া কিছুটা অনীহার সঙ্গেই চতুর্থবারের মতো তেহরানের ওপর জাতিসংঘ কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি খসড়া সিদ্ধান্ত প্রণয়নের কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে যোগ দিয়েছে।নিউইয়র্কে জাতিসংঘ কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের ওপর ভোট গ্রহণের সময় পিছিয়ে দেবে বলে এ উদ্যোগের ব্যাপারে পাশ্চাত্যের কূটনীতিকেরা স্পষ্টতই খুশি নন। ওয়াশিংটন আশা করেছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ওপর ৩ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠেয় একটি বৈঠকের আগেই একটি চূড়ান্ত খসড়া সিদ্ধান্ত তৈরি করা যাবে। কিন্তু কূটনীতিকেরা বলেন, এ ব্যাপারে আলাপ-আলোচনা অন্তত জুন মাস পর্যন্ত গড়াতে পারে।নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিকেরা বলেন, জাতিসংঘের একটি প্রস্তাব যা ইরানকে ক্যানসার চিকিত্সার জন্য আইসোটোপ উত্পাদনকারী তেহরানের একটি পুরোনো গবেষণা রিঅ্যাক্টরের জন্য নতুন জ্বালানি সংগ্রহ করার সুযোগ করে দিত তার বদলে একটি পাল্টা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ইরানকে সহায়তা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ব্রাজিল ও তুরস্ক। মূল প্রস্তাবটির অধীনে ইরান তার সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদের অধিকাংশই আরও সমৃদ্ধ ও প্রক্রিয়াজাত করার জন্য সর্বোচ্চ এক বছরের জন্য রাশিয়া ও ফ্রান্সে পাঠাত। গত অক্টোবরে প্রস্তাবটিতে নীতিগতভাবে রাজি হলেও, তেহরান পরে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকি ইরানের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব দেন, যা পাশ্চাত্যের কূটনীতিকদের মতে, তাঁদের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম।ইরান ও পাশ্চাত্যের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সে ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আগ্রহ জানিয়েছে ব্রাজিল ও তুরস্ক। তবে এটা এ মুহূর্তে স্পষ্ট নয়, পরমাণু জ্বালানি চুক্তিটি সম্পাদনের জন্য চীন ও রাশিয়া—এ দুটি দেশকে কতটা সময় দিতে রাজি।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্ররা সন্দেহ করে যে ইরান গোপনে বোমা তৈরির সক্ষমতা অর্জন করছে।—রয়টার্স