ইরানের ‘নিজস্ব’ ড্রোন উন্মোচন
মধ্যপ্রাচ্যের বেশির ভাগ অঞ্চল ঘুরতে সক্ষম দূরপাল্লার মনুষ্যবিহীন বিমান (ড্রোন) উদ্বোধন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘শাহেদ ১২৯’ নামের ড্রোনটি দুই হাজার কিলোমিটার ঘুরে আসতে সক্ষম। বোমা কিংবা ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম এটি। শত্রুপক্ষের অবস্থান জানতে কিংবা যুদ্ধ অভিযানেও ব্যবহার করা যাবে ড্রোনটিকে। বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ৩০টি মিত্র দেশ পারস্য উপসাগরে বড় পরিসরে সামরিক মহড়া দিয়েছে। উপসাগরীয় এলাকা এবং পৃথিবীর এক-পঞ্চমাংশ তেলের রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এ মহড়া দেওয়া হয়েছে। ওই মহড়ার পর নতুন ড্রোন উদ্বোধন করল ইরান। এর আগে গত বছর একটি মার্কিন ড্রোন প্রদর্শন করেছিল ইরান। সে সময় ইরান দাবি করেছিল, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। বিপরীতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ওই ড্রোনটি যান্ত্রিক গোলযোগের কারণে ভূপাতিত হয়।