ইলা মিত্রের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচোলের ঐতিহাসিক ‘তেভাগা আন্দোলন’-এর নেত্রী ইলা মিত্রের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সংগঠন জাগো নারী বহ্নিশিখা এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রাটি শহীদ সেতু হল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমিরা খাতুন বিজলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নারীনেত্রী মালেকা বেগম, লেখিকা সেলিনা হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্দি, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি, জুবাইদা গুলশান আরা, নুরুন্নাহার ও মনোয়ারা খাতুন সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ইলা মিত্র প্রচলিত সমাজব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আদিবাসীদের সঙ্গে নিয়ে একটি আন্দোলন সংগঠিত করেছেন। রাষ্ট্রের উচিত আদিবাসীদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসা এবং আদিবাসী ও অন্যান্য মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অপরিবর্তিত রাখা।আলোচনা সভার পর আদিবাসীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।—বাসস