ইলিয়াস গুমের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা এম ইলিয়াস আলীর গুমের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত এক প্রতীকী অবস্থান ধর্মঘটে তিনি এ কথা বলেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এবং তাঁর সন্ধানের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইলিয়াস আলীর গুম হওয়ার ১১ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু আজও সরকারের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের কোনো তত্পরতা চোখে পড়ছে না। এতে প্রমাণ হয়, সরকারের কেউ তাঁকে গুম করেছে। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে এই গুমের দায় নিতে হবে।খন্দকার মোশাররফ বলেন, ইলিয়াস আলীকে ফেরত না দিলে তাঁকে হত্যার দায়ে বিচার করা হবে।প্রধানমন্ত্রীসহ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আর তাই অবিলম্বে ইলিয়াস আলীকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা আরও দাবি করেন, বর্তমান সরকারের আমলে বিএনপির আরেক নেতা চৌধুরী আলমসহ সারা দেশে কমপক্ষে ২০০ জনকে গুম করা হয়েছে। একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, তার কোনো হদিস পাওয়া যাবে না, এটা মেনে নেওয়া যায় না।খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার নিজেদের কেলেঙ্কারি, দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে টালবাহানা শুরু করেছে। দেশে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। শাহবাগে তরুণদের দিয়ে সরকারের পক্ষে আন্দোলন করাচ্ছে।বিরোধী দলের এক দফার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সংলাপের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘বর্তমানে আলোচনায় বসার পরিবেশ নেই। আগে পরিবেশ সৃষ্টি করেন, জনগণের কথা বলার সুযোগ দিন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, তারপর আলোচনা। অন্যথায় কোনো আলোচনা নয়।’স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অবস্থান ধর্মঘটে আরও বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মাহবুব হোসেন, মোয়াজ্জেম হোসেন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।