ইলিয়াসকে পাওয়া না গেলে খরচ করে পুলিশ-গোয়েন্দাদের রেখে লাভ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদলীয় নির্বাচন করতে চাইলে পিটিয়ে সরকারের চামড়া তুলে নেওয়া হবে বলে হুমকি দিয়েছে বিএনপি। দলটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, ‘যদি ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া না যায়, তাহলে এই পুলিশ, গোয়েন্দাদের টাকা খরচ করে রেখে লাভ কী?’আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাদেক হোসেন খোকা এ কথা বলেন। নেতা-কর্মীদের মুক্তি এবং গুম হওয়া ইলিয়াস আলীসহ অন্যদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া আদালতের রায় প্রসঙ্গে সাদেক হোসেন বলেন, ‘এই সরকার ভোট চুরির জন্য বিচারপতি খায়রুল হককে দিয়ে এই রায় দিয়েছে। কিন্তু সরকারের সেই আশা পূরণ হবে না। এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়া সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, মুহাম্মদ হাবিবুর রহমান ও লতিফুর রহমানের পায়ের কাছে বসার যোগ্যতাও খায়রুল হকের নেই।’প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ফটিকছড়ির ঘটনার পুনরাবৃত্তি না চাইলে এই সরকারকে সরে যেতে হবে। জনতার দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাহলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।