ইলিশ ধরায় ছয় দিনে ২৭৫ মামলা, ৩৭৪ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় গত ছয় দিনে সারা দেশে মোট ২৭৫টি মামলা ও ৩৭৪ জনের কারাদণ্ড হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ২২০ টাকা। মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল চন্দ্র রায় আজ সোমবার বিকেলে প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন। মত্স্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। নির্মল চন্দ্র রায় জানান, নিষেধাজ্ঞার প্রথম ছয় দিনে গত রোববার পর্যন্ত আইন অমান্য করায় ঢাকাসহ সারা দেশে ২৮ দশমিক ৩১ মেট্রিক টন ইলিশ এবং ৪৯ লাখ মিটার জাল আটক করা হয়েছে। র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় বিভিন্ন এলাকায় ৫৬১টি ভ্রাম্যমাণ আদালত ও দুই হাজার ৪৯১টি ঝটিকা অভিযান পরিচালনা করেন। আটক করা ইলিশ বিভিন্ন এতিমখানা, শিশুসদন ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।