ইলিশ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের আকাল নিয়ে বিব্রত ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা। পাতে ইলিশের দেখা নেই। দাম তো দূরের কথা, ইলিশই পাওয়া যাচ্ছে না বাজারে। আর এ জন্য দায়ী করা হচ্ছে গঙ্গায় পাহাড়সমান পলি জমার সমস্যাকে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। মামলায় পলি সরিয়ে নদীর গভীরতা বাড়াতে কর্তৃপক্ষকে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হয়েছেন সুভাষ দত্ত। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি বলেছেন, গঙ্গার পলি সরানো হলে শুধু ইলিশের জোগান বাড়বে তা নয়, বেঁচে যাবে কলকাতা ও হলদিয়া বন্দরও। মাত্স্যবিজ্ঞানীদের মতে, একসময় গঙ্গায় যথেষ্ট গভীরতা থাকায় ইলিশের ঝাঁক ডিম পাড়তে সমুদ্র থেকে কয়েক শ কিলোমিটার উজানে গিয়ে নদীর স্বাদু পানিতে ডিম ছাড়ত। কিন্তু গঙ্গায় পলি জমে নাব্যতা কমে যাওয়ায় ইলিশের দল মোহনা পেরিয়ে বেশি দূর যেতে পারে না। এর ফলে তারা ডিম না ছেড়ে ফিরে যাচ্ছে সমুদ্রে। এতে দেখা দিয়েছে ইলিশের আকাল। এ বিষয়ে সমুদ্রবিজ্ঞানের এক অধ্যাপক জানিয়েছেন, পলি পড়ায় নদীর গভীরতা যেমন কমছে, তেমনি বাড়ছে বাষ্পীভবন। পাল্লা দিয়ে বাড়ছে নদীর লবণাক্ততা। এর ফলে গঙ্গার পানি ইলিশের পছন্দ হচ্ছে না ডিম ছাড়ার জন্য। তবে মামলার পরিপ্রেক্ষিতে আদালত কী রায় দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন ইলিশপ্রিয় বাঙালি।