ইলিশ নেই, আছে জলদস্যু, দাদন
ভাদ্র মাস চলে এলেও ইলিশ মাছ ধরা পড়ছে না। ফলে মহাজনের দাদন, এনজিওর কিস্তি ও জলদস্যুর জাঁতাকলে পড়ে জেলেরা দিশেহারা হয়ে পড়েছেন। ভোলা ও লক্ষ্মীপুরে অনেক জেলে নৌকা ফেলে অন্য কাজের সন্ধানে নেমেছেন।এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশ মৌসুমকে উপলক্ষ করে জলদস্যুরা বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের জেলে-অধ্যুষিত গ্রামগুলো থেকে টোকেনের মাধ্যমে টাকা আদায় করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখতে না পারায় বাধ্য হয়ে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ওই টোকেন সংগ্রহ করছেন জেলেরা।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে দ্রুত পানিসম্পদ প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর সুপারিশ করা হয়।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জলদস্যুদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।দস্যুতা চলছে: চরফ্যাশন বেতুয়া মাছ ঘাটের আইজল মাঝি (৪৬) জানান, আগে ট্রলারসুদ্ধ জাল-মাছ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা হতো। কিন্তু জেলে ও আড়তদারের অবস্থা ভালো নেই, এ জন্য ট্রলার রেখে মাছ আর জাল নিয়ে যাচ্ছে জলদস্যুরা।গত বৃহস্পতিবার দিবাগত রাতে তজুমদ্দিনচর মেঘনা থেকে আবদুল খালেক মাঝি, মো. জাহাঙ্গীর মাঝি, হেলাল মাঝির ট্রলারসহ ১২টি ট্রলারের মাছ ও জাল ডাকাতি করে নিয়ে গেছে জলদস্যুরা। গত বুধবার সাগর মোহনা মেঘনা থেকে আলী হোসেন মাঝি ও সিরাজ মাঝির তিনটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। জেলেদের দাবি, প্রতিদিনই কমবেশি জলদস্যুতা হয়।গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বরিশাল অঞ্চলের নদীতে মাছ ধরার জন্য জেলেদের আনাগোনা বেড়েছে। নৌবাহিনী পরিচালিত জাটকা নিধনবিরোধী অভিযান শেষ হওয়ায় এখন নদীতে তাদের উপস্থিত আর আগের মতো থাকবে না। কিন্তু ওই অঞ্চলে কোস্টগার্ড জোনাল কমান্ডারের অধীনে জনবল, পর্যাপ্ত নৌযান এবং ওই অঞ্চলে আনুষঙ্গিক প্রশাসনিক সহায়তার সীমাবদ্ধতার কারণে জলদুস্যদের তৎপরতা প্রতিরোধের জন্য যথেষ্ট নয়।সূত্র জানায়, জুলাই থেকে সেপ্টেম্বরে ভোলা, বরগুনা ও বরিশালের বিভিন্ন নদীর সংকুচিত অংশের বেশির ভাগ স্থানে জেলেরা প্রচুর মাছ পান। এ সময় অসাধু ব্যবসায়ী মহল দাদন প্রথার অংশ হিসেবে জেলেদের নিয়োগ, ভাড়ায় দেশীয় ইঞ্জিনচালিত নৌকা ও নামমাত্র আর্থিক অনুদান দেওয়ার বিনিময়ে জেলেদের আহরিত মাছের একটা অংশ হাতিয়ে নেন।ইলিশ নিয়ে হা-পিত্তেশ: ভোলার দৌলতখান উপজেলার রাধাবল্লভ মাছ ঘাটে জেলে আবুল হাসেম মাঝি (৩৮) জানান, ভোরে ঘর ছেড়েছেন। সাত ভাগীদারের জেলে নৌকাটি নিয়ে মেঘনায় জাল পেতে এক খেওয়ে ১৭৫ টাকার ইলিশ পেয়েছেন। সন্ধ্যা পর্যন্ত কোনো দিন ৫০০, কোনো দিন ৬০০ টাকার মাছ পান। যত টাকা পান, তা সাত ভাগ হয়। জ্যৈষ্ঠ মাস থেকে এ অবস্থা চলছে।সদর উপজেলার শিবপুর মেদুয়ার নিজাম মাঝি (৩৫) বলেন, তাঁকে প্রতি সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ৫০০, আশার ৩০০, ব্যাংকের ৫০০ টাকা, স্থানীয় সম্রাট মাল্টিপারপাস সমিতির ৫৫০সহ মোট দুই হাজার টাকা ঋণ শোধ দিতে হয়ে। এরপর মহাজনের দাদন তো আছেই।বোরহানউদ্দিন উপজেলার মিজাকালু মাছ ঘাটের মো. আফসার মাঝি জানান, তাঁর এক লাখ ২০ হাজার টাকা দাদন আছে। প্রতিদিন যে টাকার মাছ পান, সে টাকার শতকরা সাত ভাগ নেন আড়তদার। আর দাদনের টাকা শোধ করার জন্য প্রতিদিন কিছু কিছু কেটে রাখেন আড়তদার। প্রতিবার মৌসুম শেষে দেখা যায়, ঋণ শোধ দিয়ে উল্টো মহাজনের কাছে কিছু পাওনা হন। কিন্তু এ বছর এখনো কোনো টাকা শোধ দিতে পারেননি।তবে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, দাদন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের মধ্যে নদীতে মাছ ধরার সীমানা নির্ধারণ করে নেওয়া হচ্ছে। সীমানা নিয়ে বিরোধ অথবা দাদন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়, এমন ব্যবসায়ী ও জেলেদের কাছ থেকে দাবিমতো চাঁদা না পেলে নিজস্ব জলদস্যু বাহিনী দিয়ে আক্রমণ, ছিনতাই বা অপহরণের মতো ঘটনা ঘটানো হয়।মহাজনেরাও ভালো নেই!: জেলেদের দাদন, অন্যান্য খরচ জোগান দিতে গিয়ে লোকসান গুনছেন বলে দাবি করেছেন আড়তদার মহাজনেরাও। চরফ্যাশন সাগর মোহনায় ঢালচর মাছ ঘাটে প্রতিদিন হাজারখানেক সাগরগামী ট্রলারে মাছ কেনা-বেচা হয়। ঢালচর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার প্রথম আলোকে বলেন, তাঁর ৭০টি ট্রলারে দাদন দেওয়া আছে। একেকটি ট্রলারে এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা দাদন দিয়েছেন। মাছ না পড়ায় তাঁর তিনটি ট্রলার রেখে জেলেরা পালিয়েছেন। ওই তিনটি ট্রলারে প্রায় ১০ লাখ টাকা লোকসান। একই রকম অভিযোগ মনপুরা তালতলা মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী অলিউল্যাহ, রিজিয়ার খাল ও সূর্যমূখী খাল মাছ ঘাটের আড়তদার মো. ফারুক মাঝির।দৌলতখান মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাকসুদুর রহমান জানান, এ বছর জেলেরা দাদন শোধ করতে না পারলেও আগামী বছর তাঁদের দাদন দিতে হবে। এতে জেলেরা আরও ঋণী এবং আড়তদারেরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দাদন ব্যবসায়ী হানিফ ও মান্নান দাবি করেন, তাঁরা এবার জেলেদের ৫০ লাখ টাকা দাদন দিয়েছেন। কিন্তু মেঘনা থেকে প্রায়ই খালি হাতে ফিরছেন। টাকা কীভাবে উঠবে, তাঁরা বুঝে উঠতে পারছেন না।পেশা ছেড়ে পালাচ্ছেন জেলেরা: মনপুরা হাজিরহাট মাছ ঘাটের মো. ইয়াসিনের আড়তে মাছ দেন বশির মাঝি (৪৫)। সাতজনের সংসার। মহাজনের দাদনসহ প্রায় ৪৫ হাজার টাকা ঋণ আছে। তিনি অন্য কাজের খোঁজে নেমেছেন।মনপুরা সাকুচিয়ার রশিদ মাঝি, আলাউদ্দিন মাঝি, নারায়ন মাঝি তাঁদের ট্রলার তালতলা মাছ ঘাটের তীরে উঠিয়ে রেখেছেন। ট্রলারের সব ভাগীদার চট্টগ্রামে গেছেন কাজের সন্ধানে।