ইলিশ রক্ষায় অভিযান, আটক ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিণা ঘাট এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে মা-ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে চাঁদপুর কোস্টগার্ড, নৌ-পুলিশ ফাঁড়ি ও জেলা টাস্কফোর্স। এ সময় ২৪ জন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে নয়টি মাছ ধরার নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।সহকারী পুলিশ সুপার (এএসপি-রিভার) মো. হাসান মোস্তফা জানান, গতকাল রাত দুইটার দিকে পদ্মা-মেঘনার হরিণা ঘাট এলাকায় মা-ইলিশ রক্ষায় অভিযান চালায় চাঁদপুর নৌ-পুলিশের একটি দল। এ সময় জেলেরা তাদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে নৌ-ফাঁড়ির পুলিশ সদস্য মো. সাইদ (৩৫) গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে।খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্স পৃথক তিনটি অভিযান চালায়। আজ ভোর পর্যন্ত তারা নয়টি মাছ ধরার নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ২৪ জন জেলেকে আটক করে। আটক জেলেদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জহিরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।