ইলিশ লুটের সময় আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরিবহন থেকে চাঁদা আদায় ও ইলিশ মাছ লুট করতে গিয়ে পুলিশের হাতে আওয়ামী লীগের এক নেতা আটক হয়েছেন। তাঁর নাম আবদুল গফুর। তিনি আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। সূত্র জানায়, আজ শনিবার রাতে জুঁইদন্ডীর সাপমারা খালের মুখ থেকে পিকআপ ভ্যানে করে ছয় লক্ষাধিক টাকা মূল্যের আট হাজার ইলিশ চট্টগ্রামের আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গোদার গোড়ায় ব্যারিকেড দিয়ে চাঁদা দাবি করেন আবদুল গফুর। এ সময় তিনি ওই গাড়ি থেকে আট হাজার টাকা চাঁদা আদায়সহ মাছ লুট করতে চান। খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে গফুরকে আটক করে। মাছের মালিক উপজেলার রায়পুরের ধলঘাটের মনির আহমদ বলেন, মাছের গাড়িটি পথে আটক করে আট হাজার টাকা চাঁদা আদায় ও মাছ লুটের সময় পুলিশ গফুরসহ আরও তিনজনকে আটক করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলো ডটকমকে বলেন, গফুরকে আটক রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।