ইলিশের উৎপাদন ও রপ্তানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন ও বিচরণের ক্ষেত্রে বহুমুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও গত সাত বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। ২০০২-০৩ অর্থবছরে যেখানে এক লাখ ৯৯ হাজার ৫৯৩ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হতো, সেখানে ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ১২ হাজার মেট্রিক টনে। একই সঙ্গে বেড়েছে ইলিশের রপ্তানিও। এই তথ্য চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের। সামনের মৌসুমে ইলিশ উৎপাদন সাড়ে তিন লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে তারা ধারণা করছে।চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের দাবি, প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে জাটকা সংরক্ষণ মৌসুমে মাছধরা নিষিদ্ধ করাসহ বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে। সারা দেশে পাওয়া ইলিশ পরিমাপ করে ইলিশের উৎপাদন বাড়ার এই রেকর্ড সংরক্ষণ করা হয়। অন্যদিকে নির্দিষ্ট সময়ের জন্য নদীতে জাল ফেলে একক চেষ্টায় ধরা মাছের পরিমাণ সংরক্ষণ করেও ইলিশের উৎপাদন বাড়ার প্রমাণ মিলেছে।চাঁদপুরের বিভিন্ন এলাকায় জেলেদের সঙ্গে কথা বলেও ইলিশ উৎপাদন বাড়ার তথ্য মিলেছে। কাঁচাকলোনি, শ্রীরামদী, হরিসভা ও বহরিয়া এলাকার জেলেরা জানালেন, এখন তাঁদের জালে আগের চেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। বহরিয়ার ইদ্রিস আলী বলেন, ‘ইলিশের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। জাটকা ধরা বন্ধ থাকায় আমাদের কিছুটা সমস্যা হলেও জাটকা সংরক্ষণ মৌসুম শেষে বেশি এবং বড় ইলিশ পাওয়া যায়। কখনো নদীতে বেশি ইলিশ, আবার কখনো সাগরে বেশি ইলিশ পাওয়া যায়।’ একই কথা বললেন, চাঁদপুরের একাধিক মৎস্য ব্যবসায়ী।মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০০২-০৩ অর্থবছরে এক লাখ ৯৯ হাজার ৩২ মেট্রিক টন, ২০০৩-০৪ অর্থবছরে দুই লাখ ৫৫ হাজার ৮৩৯ মেট্রিক টন, ২০০৪-০৫ অর্থবছরে দুই লাখ ৭৫ হাজার ৮৬২ মেট্রিক টন, ২০০৫-০৬ অর্থবছরে দুই লাখ ৭৭ হাজার ১৮৯ মেট্রিক টন, ২০০৬-০৭ অর্থবছরে দুই লাখ ৭৯ হাজার ১৮৯ মেট্রিক টন, ২০০৭-০৮ অর্থবছরে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন, ২০০৮-০৯ অর্থবছরে দুই লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন এবং ২০০৯-১০ অর্থবছরে তিন লাখ ১২ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। অর্থাৎ সাত বছরে প্রায় ৫৭ শতাংশ উৎপাদন বেড়েছে।ইলিশ উৎপাদনের সঙ্গে ইলিশ রপ্তানির পরিমাণও বেড়েছে বলে দাবি করে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ২০০৯-১০ অর্থবছরে যেখানে ইলিশ রপ্তানি হয়েছিল আড়াই হাজার মেট্রিক টন, সেখানে ২০১০-১১ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে সাড়ে সাত হাজার মেট্রিক টন। আগামী অর্থবছরে রপ্তানির পরিমাণ আট হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে তাঁরা ধারণা করছেন।মৎস্য অধিদপ্তরের অধীন জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে ইলিশ উৎপাদন চোখে পড়ার মতো। আগে শীত মৌসুমে ইলিশ পাওয়া যেত না। এখন শীতেও প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। জাটকা সংরক্ষণ অভিযান আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অভয়াশ্রমের এলাকা বাড়ানো হচ্ছে। এর ফলে ইলিশের উৎপাদন আরও বাড়বে।’মৎস্য গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, ইলিশ উৎপাদন বাড়াতে বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়েছে। ২০০৭ সাল থেকে ইলিশের অভয়াশ্রম চিহ্নিত করে মার্চ-এপ্রিলে জাটকা সংরক্ষণ অভিযান চালু করায় ইলিশ উৎপাদন আরও বেড়েছে। এর আগে চারটি ইলিশ অভয়াশ্রমে মাছধরা বন্ধ থাকলেও চলতি বছর আরও একটি এলাকা বাড়ানো হয়েছে। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চরইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনার শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এবং পদ্মা নদীর নিম্নাংশে শরীয়তপুর অঞ্চলে ২০ কিলোমিটার এলাকা ইলিশ অভয়াশ্রমের আওতায় রয়েছে। বরিশালের মেঘনার হিজলা অঞ্চলকে অভয়াশ্রমের আওতায় আনার বিষয়ে গবেষণা চলছে।চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইলিশ অভয়াশ্রম ঘোষণার অন্যতম লক্ষ্য জাটকা ও মা ইলিশ সংরক্ষণ। গবেষণার মাধ্যমে ইলিশের প্রজনন ও খাদ্য সংগ্রহের এলাকা চিহ্নিত করা হয়েছে। এর ভিত্তিতে অভয়াশ্রম এলাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর চারটি অভয়াশ্রমের সঙ্গে এ বছর আরও একটি যোগ হয়েছে। আরও কিছু ক্ষেত্র চিহ্নিতকরণের কাজ চলছে। সংরক্ষণ মৌসুমে মাছধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বাড়ে। বিগত বছরগুলোতে এর প্রমাণ মিলেছে।’চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী গাজী প্রথম আলোকে বলেন, ‘জাটকা ধরা বন্ধ রাখায় জেলেদের পাশাপাশি ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে। দুই মাস নির্দিষ্ট এলাকায় জাটকা ধরা বন্ধ না রেখে সারা দেশে জাটকা ধরা নিষিদ্ধ করতে হবে।’ কয়েক বছরে ইলিশ উৎপাদন বেড়েছে বলে উল্লেখ করে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সমস্যার ভেতর দিয়ে ইলিশ সংরক্ষণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সমস্যা সমাধানের পাশাপাশি ইলিশ প্রজনন ও বিচরণক্ষেত্র আরও নির্বিঘ্ন করতে হবে। মেঘনার কিছু এলাকায় ডুবোচর রয়েছে। বুড়িগঙ্গার দূষণ ধেয়ে আসছে মেঘনার দিকে। ইলিশ উৎপাদন আরও বাড়াতে এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’