ইলিশের দামে বৈশাখের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ আসতে এখনো বাকি ১৫ দিন। কিন্তু ইলিশ মাছের দামে এখন থেকেই শুরু হয়েছে বৈশাখী উত্তাপ। আকারভেদে একেকটি ইলিশের দাম বেড়েছে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। বাজারভেদেও ইলিশের দামে হেরফের আছে। গতকাল শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে ইলিশের দামের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি চোখে পড়েছে।কারওয়ান বাজারে গতকাল সবচেয়ে ছোট আকারের ইলিশের প্রতিটির দাম ছিল ১৫০ টাকা। সবচেয়ে বড় আকারের প্রতিটি ইলিশের দাম ছিল দুই হাজার টাকা পর্যন্ত। একাধিক বিক্রেতা জানালেন, ছোট আকারের প্রতিটি ইলিশ সপ্তাহ খানেক আগেও ১০০ টাকায় বিক্রি হয়েছে, বড়গুলোর দাম ছিল এক হাজার ৫০০ টাকার মধ্যে।হঠাৎ করে ইলিশের দাম এত বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান বৈশাখের আগমনের কথা। পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার জন্য ইলিশের চাহিদা বাড়ে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের মাছ বিক্রেতাদের বৈশাখের এই চাহিদার কথাও জানা। এ কারণেই বৈশাখ সামনে রেখে বেড়ে যায় রুপালি এই মাছের দাম। অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে যাঁরা আগেভাগে ইলিশ কিনতে যাচ্ছেন, তাঁরা খুব একটা সফল হচ্ছেন না। বাড়তি দাম তাঁদেরও গুনতে হচ্ছে। তবে আগেভাগে কিনে ফ্রিজে রেখে তাঁরা কম দামে কিনতে পারলেন কি না, তা বোঝা যাবে কয়েক দিন পর।ইলিশের দামের উত্তাপ আছে অন্যান্য মাছেও। তবে তুলনায় কম।মাছের দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি থাকলেও ডাল, চিনি ও রসুনের দাম তাঁদের কিছুটা স্বস্তি দিয়েছে। কারণ, এ সপ্তাহে দেশি মসুরের ডালের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ১০০-১১০ টাকায় নেমেছে। চিনির দামও কেজিতে আগের সপ্তাহের চেয়ে দুই টাকা কমে গতকাল বিক্রি হয়েছে ৪৬ টাকায়।আগের সপ্তাহে রসুনের দাম বাড়লেও এ সপ্তাহে কমেছে। গতকাল কারওয়ান বাজারে আমদানি করা প্রতি কেজি রসুন বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায় আর দেশি রসুনের দাম ছিল মান ও আকারভেদে ৩৫ থেকে ৫০ টাকা। আগের সপ্তাহে আমদানি করা রসুনের দাম ছিল ১৩৫ থেকে ১৪৫ টাকা আর দেশি রসুনের দাম ছিল ৫০-৬০ টাকা।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনেও এ সপ্তাহে ডাল, রসুন, চিনির দাম কমার বিষয়টি তুলে ধরা হয়েছে। রাজধানীর প্রায় ১৫টি বাজার থেকে দাম সংগ্রহ করে সেই দামের ভিত্তিতে তৈরি করা টিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৩ থেকে ২৭ মার্চ সময়ের মধ্যে এসব পণ্যের দর কমেছে।বাজার ঘুরে জানা গেছে, এ সপ্তাহে বেশ কিছু সবজির দামও কমেছে। হরতালের কারণে আগের দুই দিনে যেসব সবজির দাম বেড়েছিল, গতকাল সেগুলোর দাম কমেছে। মিরপুরের কাজীপাড়া ও কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ১৫ থেকে ১৮ টাকায়। হরতালের কারণে এর দাম উঠেছিল ২০ থেকে ২২ টাকায়। কমেছে পটোল, ঢ্যাঁড়সের দামও। প্রতি কেজি পটোল ৩৫ টাকা ও ঢ্যাঁড়স ৪০ টাকায় বিক্রি হয়েছে গতকাল। বিক্রেতারা জানান, এক দিন আগেও পটোল ৪০ টাকা ও ঢ্যাঁড়স ৫০ টাকায় বিক্রি হয়েছিল।