ইলিশের পেটে মার্বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ তাজা দেখাতে নিষিদ্ধ ফরমালিনের ব্যবহার, ওজন বাড়াতে বরফ ও পানি ব্যবহারের ঘটনা প্রায়ই ঘটছে। এবার এসব ছাপিয়ে ইলিশের পেটে মার্বেল ও পাথরের টুকরা ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বরিশালে ইলিশের মোকামে এ ঘটনা ঘটেছে। ক্রেতারা মাছ কিনে নিয়ে কাটার পর বিষয়টি সবার নজরে আসে। তবে এর সঙ্গে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ীরা বলেছেন, এখন ইলিশের ভরা মৌসুম। কিন্তু পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় ইলিশের দাম বেড়েছে বহুগুণ। এ সুযোগে একদল অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় ইলিশের পেটে মার্বেল ও পাথর ঢুকিয়ে বিক্রি করছেন। তাঁরা বলেন, মাসরেফুল ইসলাম নামের একজন ক্রেতার অভিযোগের পর বিষয়টি ধরা পড়ে।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নগরের মেডিকেল এলাকার বাসিন্দা মাসরেফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সকালে নগরের পোর্ট রোড এলাকার বরিশাল ইলিশ মোকাম থেকে তিনি এক হাজার ১৫০ টাকা কেজি দরে ছয়টি ইলিশ মাছ কেনেন। নতুন বাজারে নিয়ে মাছগুলো কাটার সময় দুটি মাছের পেট থেকে মার্বেল পাওয়া যায়। পরে তিনি বাকি চারটি মাছ না কেটে আড়তে ফেরত দেন।মাসরেফুল ইসলাম জানান, বরিশাল ইলিশ মোকামের একটি আড়তের এক ফড়িয়ার মাধ্যমে তিনি মাছগুলো কেনেন। একটিতে ২০টি এবং অন্যদিতে ১৫টি মার্বেল পাওয়া বলে তিনি দাবি করেন। ইলিশের পেটে মার্বেল পাওয়ার বিষয়টি মাসরেফুল পরিচিত সাংবাদিকদের জানান। এরপর বিষয়টি জানাজানি হয়।এরপর দুপুরে ইলিশ মোকামের সায়েম এন্টারপ্রাইজ ও শাহীন ট্রেডার্সে গেলে সেখানে বেশ কয়েকটি ইলিশের পেটে মার্বেল ও পাথর পাওয়া যায়। জানতে চাইলে শাহীন ট্রেডার্সের মালিক আবদুর রব ছট্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা পাইকারি দরে ইলিশ কিনি। খুচরা বিক্রেতারা বেশি দাম পাওয়ার জন্য মাছের পেটে মার্বেল ও পাথর ঢুকিয়েছেন।’ অন্যদিকে সায়েম এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন বলেন, ‘ওজন এক কেজির ওপরে নেওয়ার জন্য মাছে মার্বেল ও পাথর ঢোকানো হয়েছে। ওজন এক কেজি হলে দাম অনেক বেড়ে যায়।’ বরিশাল ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী বলেছেন, পাঁচ-ছয়বার হাতবদল হয়ে ইলিশ মাছ মোকামে আসায় নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত। ব্যবসায়ী মো. মোর্শেদ খান বলেন, ‘আমাদের ইলিশ বিদেশে রপ্তানি হয়। দেশের বাইরে এ রকম একটি ঘটনা ধরা পড়লে রপ্তানিতে এর প্রভাব পড়বে। নষ্ট হবে দেশের ভাবমূর্তি।’ বরিশাল ম ৎ স্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত দাস বলেন, ‘এর আগে দু-একবার এ ঘটনা ঘটেছে। তবে গতকাল বেশ কিছু মাছের পেটে মার্বেল ও পাথর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে কোনো অভিযোগ না আসা পর্যন্ত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’