ইলিশের প্রজনন অবাধ করা গেল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমওয়ালা ইলিশ মাছ ধরার ১০ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৪ অক্টোবর। ইলিশের অবাধ প্রজননের জন্য উপকূলের সাতটি জেলার চারটি পয়েন্টের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, বিপণন ও পরিবহনের ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বিভাগগুলো হাটবাজার, মাছঘাট ও নদী এলাকায় সার্বক্ষণিক টহল অভিযান চালিয়েছে। তারপরও অভিযোগ উঠেছে, মেঘনা নদীর মোহনায় ডিমওয়ালা ইলিশ মাছ ধরা বন্ধে এবারের অভিযান সফল হয়নি। ফলে মেঘনার মোহনায় এ বছর ইলিশের প্রজনন অবাধ করা যায়নি বলে দাবি করছেন স্থানীয় মানুষ।মেঘনা নদীর মোহনার মধ্যে হাতিয়া চ্যানেলের চর লংগলিয়া, বয়ার চর, নলচিরা, মৌলভীর চর ও নিঝুম দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার, শাহবাজপুর চ্যানেলের ভোলা সদর থেকে দৌলতখান হয়ে মনপুরার চর পিয়াল পর্যন্ত ১১০ কিলোমিটার এবং লক্ষ্মীপুরের রামগতি চ্যানেলের রায়পুর থেকে রামগতি উপজেলার চর গজারিয়া-তেলির চর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় ১০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। অভিযান চলার সময় মোহনা এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব এলাকায় জেলেরা শত শত ট্রলার দিয়ে দিন- রাত অবাধে ডিমওয়ালা ইলিশসহ বিভিন্ন মাছ ধরেছেন। ওই মাছ প্রকাশ্যে বেচাকেনা হয়েছে মাছঘাট ও স্থানীয় বাজারগুলোয়। স্থানীয় লোকজন ইলিশ মাছ কিনে তা কেটে লবণ দিয়ে সংরক্ষণ করেছে। অনেক ব্যবসায়ী বসতঘর ও আঙিনায় গর্ত করে পলিথিনের মোড়কে বরফ দিয়ে ইলিশ সংরক্ষণ করেছেন, যাতে অভিযান শেষে তা বিক্রি করতে পারেন। অভিযান সফল নয়?: ডিমওয়ালা ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যকরে নিয়োজিত মাঠপর্যায়ের ব্যক্তিরা বলছেন, নদী এলাকায় টহল দিতে প্রয়োজনীয় নৌযান ও জনবল ছিল না। সেই সঙ্গে মাছ ধরতে জেলেদের ওপর দাদন ব্যবসায়ীদের চাপ থাকায় অভিযান অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে। সাধারণ জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় লোকজন বলছেন, ব্যাপক প্রচারের অভাব, মাঠপর্যায়ে পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণে ওই অবস্থার সৃষ্টি হয়। তাঁরা দাবি করেন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের মাঠপর্যায়ের কেউ কেউ মাছ ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মাছ ধরার সুযোগ দিয়েছেন। রামগতির আলমগীর মাঝি, চর গজারিয়ার ইব্রাহিম মাঝি, আসলপাড়ার অজিউল্লাহ মাঝি, মাহে আলম মাঝি, চর জহির উদ্দিনের হারুন মাঝি এবং ভোলার ভেলুনিয়া এলাকার বাবুল মাঝিসহ জেলেদের অনেকেই বলেন, আড়তদারের (ব্যাপারি) কাছ থেকে দাদন নিয়ে জাল ও ট্রলার মেরামত করে জেলেরা ভরা মৌসুমে (এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত) মাছ ঘাটগুলোয় প্রস্তুত থাকলেও নদীতে ইলিশের দেখা মেলেনি। ওই সময় মাছ ধরতে না পেরে তাঁরা পরিবার নিয়ে বিপাকে পড়েন এবং অনেকেই নতুন করে ধার-দেনায় জড়িয়ে পড়েন। এতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মেঘনার মোহনায় মাছ দেখা দিলে ডিমওয়ালা ইলিশ ধরতে ঝুঁকে পড়েন তাঁরা। এ ছাড়া দাদন ব্যবসায়ীরাও মাছ ধরতে জেলেদের ওপর চাপ সৃষ্টি করেন।গবেষকের ভাষ্য: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদীকেন্দ্রের জ্যেষ্ঠ ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, ‘অভিযান চলাকালে মাঠপর্যায়ে পরিদর্শনকালে দেখেছি, কোনো কোনো এলাকায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কিছু মাছ ধরেছেন। এতে ওই সব এলাকায় ইলিশের প্রজনন কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সংস্থাকে আরও কঠোর হতে হবে।’ জনপ্রতিনিধিরা যা বলেন: রামগতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল আখের বলেন, বিগত বছরগুলোর তুলনায় মা-ইলিশ রক্ষার অভিযানটি এ বছর অনেকাংশে মার খেয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ, কোস্টগার্ড ও একটি রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতা-কর্মীর সহযোগিতায় ঘাট এলাকায় কয়েকজন দাদন ব্যবসায়ী (মাছ ব্যাপারি) সিন্ডিকেট গঠন করে ডিমওয়ালা ইলিশ ধরে লাভবান হয়েছেন।’কর্মকর্তাদের বক্তব্য: আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহে আলম বলেন, জনবল ও নৌযানের সংকটের কারণে অনেক ক্ষেত্রে কাজ বাধাগ্রস্ত হয়েছে। তবে উপজেলা টাস্কফোর্সের চাহিদা অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।কোস্টগার্ডের দক্ষিণ জোনের (ভোলা) অভিযান কর্মকর্তা শামীম আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিস্তীর্ণ মেঘনায় অভিযান সফল করতে হলে ভোলা সদর উপজেলার বঙ্গের চর, দৌলতখান উপজেলার মদনপুর, মনপুরা উপজেলার তালতলা, লালমোহন উপজেলার বাত্তির খাল ও চরফ্যাশন ঢালচর এলাকায় কোস্টগার্ডের বিশেষ ক্যাম্প স্থাপন করতে হবে। এসব ক্যাম্পের আওতায় দ্রুতগামী জলযান দিতে হবে। ব্যবসায়ীদের কাছ থেকে কোস্টগার্ডের কারও কারও বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অমূলক এবং নিছক প্রচারণা।’ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বছর মা-ইলিশ নিধন বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জেলে মাছ ধরতে বাধ্য করেন।’ তাঁর মতে, ইলিশের প্রজননকালে শুধু সাত হাজার কিলোমিটার জল-সীমানায় নয়, পুরো মেঘনায় মা-ইলিশ নিধন বন্ধ থাকা উচিত। এ বিষয়ে ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন বলে জানান।জেলা প্রশাসক বলেন, ‘জেলে ও জেলে নৌকার নিবন্ধনের যে দাবি উঠেছে, তা আসলেই বাস্তবায়ন করা দরকার। জেলে নৌকা নিবন্ধন আইন আগে থেকে আছে। তবে তা আমাদের হাতে নেই। এটা আমাদের হাতে থাকলে ভালো হতো।’‘অভিযান ব্যাহত হয়েছে’: ভোলার দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘অভিযান পুরোপুরি ব্যর্থ হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে অভিযান কিছুটা ব্যাহত হয়েছে।’ [প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ভোলা প্রতিনিধি নেয়ামতঊল্যাহ]