ইলিশের বাজারে বৈশাখী ঝড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় ইলিশের টান পড়েছে মাসকয়েক আগেই। নগরের বাজারে তবু মিলছিল রুপালি এই মাছ। পয়লা বৈশাখের পান্তা-ইলিশের হিড়িকে সেই ইলিশও হয়ে উঠেছে দুর্লভ। এটা ভেবেই চৈত্রের মাঝামাঝি সময় ইলিশ মাছ কিনতে বাজারে গিয়েছিলেন ধানমন্ডির আনিসুর রহমান। তাঁর ভাবনাকে ছাপিয়ে ইলিশ তখনই দুর্লভ হয়ে উঠেছে। দামও আগের তুলনায় দ্বিগুণ-তিন গুণ বেশি। ইলিশবিক্রেতা তাঁকে জানায়, চৈত্রের শুরু থেকেই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ কিনছে মানুষ। সেগুলো ঠাঁই পাচ্ছে রেফ্রিজারেটরে।পয়লা বৈশাখে পান্তা হবে নগরের ঘরে ঘরে। এর সঙ্গে চাই ইলিশ ভাজাও। তাই মাছের বাজারগুলোয় ইলিশ কেনার ধুম লেগেছে। মুফতে বিক্রেতারা রুপালি এই মাছের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই বাজেটের সঙ্গে মেলাতে গিয়ে অনেকের মাছটি ছোট হয়ে পড়ছে। মোহাম্মদপুর টাউন হলে ইলিশ মাছ কিনছিলেন মোহাম্মদ শরিফুল। তিনি বলেন, ‘আগেভাগে কিনতে এসেছি দাম কম পাওয়ার আশায়। তার পরও দাম অনেক চড়া। আগামী বছর আরও আগেই ইলিশ মাছ কিনে রাখতে হবে।’ আগেই ইলিশ কিনে রেফ্রিজারেটরে রেখে দিয়ে বৈশাখের সকালে ইলিশ-পান্তা খাওয়া নিশ্চিত করতে চান অনেকে।তবে বিক্রেতারাও কিন্তু খুব একটা শান্তিতে নেই। কারণ, মাছের আড়তে বারবার ধরনা দিয়ে ইলিশ সংগ্রহ করতে হচ্ছে। সেই কথাই বলছিলেন কারওয়ান বাজারের ইলিশবিক্রেতা রেজানুর করিম। তাঁর ভাষ্য, ‘ক্রেতাদের চাহিদা মেটাতে আড়তদারদের আগেই বলে রাখতে হচ্ছে। বড় ইলিশের চাহিদা বৃদ্ধি পেলেও বাজারে জোগান কম। অনেক ক্রেতার কাছে দাম কোনো বিষয় নয়, বড় আকারের ইলিশ পেলেই হলো।’কারওয়ান বাজারের মাছের আড়ত জমে ওঠে ভোরে। সকাল আটটার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায়। এখানে এখন ইলিশ আসছে বরিশাল ও চট্টগ্রাম থেকে। ঢাকার বাইরে থেকে যাঁরা ইলিশ নিয়ে আসেন, আড়তদারেরা তাঁদের কাছ থেকে প্রতি এক হালি ইলিশের জন্য নেন ১০ টাকা। যাকে এঁরা বলেন কয়ালি। আবার কেজি হিসেবে এক কেজি ইলিশের কয়ালি পাঁচ টাকা। কয়ালি মোট বিক্রির চার শতাংশ হিসেবেও হয়। আড়ত থেকে সর্বনিম্ন্ন পাঁচ হালি ইলিশ বিক্রি করা হয় বলে আড়তদারেরা জানান।কারওয়ান বাজারের আড়তদার আবদুল জলিল জানান, ইলিশের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য তিনি জনাকয়েক জেলেকে দুই লাখ টাকা দাদন দিয়েছেন। অপেক্ষাকৃত কম দামে ভালো ইলিশ কারওয়ান বাজারে পাওয়া যায় বলে তিনি দাবি করেন।গাবতলী আড়তেও বেড়েছে ইলিশের চাহিদা। গাবতলীর কলিমউদ্দিন আড়দতার বলেন, ‘বৈশাখ মাস আসার আগেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে ইলিশ কিনতে। তখন অন্য মাছের বিক্রি কিছুটা কমে যায়।’ সোয়ারীঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, আঁটি বাজারের আড়তদারেরাও একই কথা জানালেন।নগরে ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে সোয়ারীঘাট। এখান থেকে নগরের খুচরো মাছ বাজারসহ সুপারস্টোরেও ইলিশ যায়। সোয়ারীঘাটে খোঁজ নিয়ে জানা যায়, মার্চ মাসেও যে ইলিশের হালি ছিল এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা, এখন তা বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।খুচরো ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে ইলিশ নিয়ে বিক্রি করেন বিভিন্ন বাজারে। এদিকে নগরের সুপারস্টোরগুলোয়ও লেগেছে বৈশাখের আঁচ। আগোরা, স্বপ্ন, মীনাবাজার, নন্দন, ক্যারে ফ্যামিলি, প্রিন্স বাজারে পছন্দসই ইলিশ মিলছে। পয়লা বৈশাখ সামনে রেখে প্রায় সব সুপারস্টোরেই বিশেষ আয়োজন থাকছে। মিরপুর ৬ নম্বর সেকশনের ক্যারে ফ্যামিলিতে ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে ইলিশ মেলা। মেলার ক্রেতারা কোনো বিশেষ সুযোগ পাবেন কি না জানতে চাইলে ক্যারে ফ্যামেলির সহ-ব্যবস্থাপক রাজিবুল ইসলাম বলেন, ‘মেলা মানেই তো বিশেষ কোনো অফার। ইলিশ মেলায় আমাদের এখানে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম দামে পছন্দের ইলিশ মাছ কিনতে পারবেন ক্রেতারা, এই নিশ্চয়তা দিতে পারি। কেননা আমরা আগেই অনেক ইলিশ সংগ্রহের ব্যবস্থা করে রেখেছি।’স্বপ্ন সুপার স্টোরের মোহাম্মদপুর টাউন হল আউটলেটের ব্যবস্থাপক এ কে এম রাশেদুল হাসান জানান, বৈশাখ আসায় ইলিশের চাহিদা বেড়েছে অনেক। ক্রেতার চাহিদা মেটানোর জন্য ‘স্বপ্ন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট’ আয়োজন করেছে ‘পদ্মার ইলিশের মহা উৎসব’। উৎসবে প্রতি কেজি ইলিশের দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা।দাম বাড়লেও পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া চাই-ই চাই। তাই ইলিশের বাজারে ক্রেতার ভিড় বাড়ছেই। পাল্লা দিয়ে বাড়ছে দামও। কিন্তু দাম বাড়ায় লাভটা পাচ্ছে কে? এমন প্রশ্নে কারওয়ান বাজারের আড়তদার আবদুল জলিল বলেন, ‘জেলেরা লাভ পায় না বললেই চলে। বেশির ভাগ লাভ চলে যায় খুচরা বিক্রেতার পকেটে।’এ কথা মানতে নারাজ মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছবিক্রেতা আলতাফ হোসেন। তাঁর ভাষ্য, ‘আমগো যখন আড়ত থেকে বেশি দামে মাছ কিনতে হয়, তখন তো বেশি দামে মাছ বিক্রি করতে হবোই। আমগো লাভ আগের মতোই।’ ওই বাজারের মাছবিক্রেতারা জানান, কয়েক দিন আগে এখানে একটি ইলিশ মাছ দুই হাজার ২০০ টাকা বিক্রি হয়েছে। যেটার ওজন ছিল এক কেজি ৪০০ গ্রাম। ক্রেতারা বাজারে এসে বড় ইলিশই খোঁজ করেন বলে তাঁরা জানান।