ইলিয়াস, সাগর-রুনি হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা এবং সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনার তদন্ত কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি। আজ বুধবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানিয়েছে র‌্যাব ও পুলিশ।কমিটি এই তিনটি ঘটনার তদন্তকাজ দ্রুত শেষ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতি বলেন, বৈঠকে চাঞ্চল্যকর মামলাগুলো তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কমিটি ইলিয়াস আলী নিখোঁজ, সাগর-রুনি এবং সৌদি দূতাবাসের কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি।এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘ইলিয়াস আলী জীবিত না মৃত কিংবা তিনি দেশে না বিদেশে আছেন, আমরা তার কিছুই জানি না। কমিটি এ বিষয়ে পুলিশ ও র‌্যাবকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।’সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টির সাংসদ এবং কমিটির সদস্য মুজিবুল হক বলেন, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের কাছে এ বিষয়ে কমিটি জানতে চেয়েছে। তিনি খুব বেশি কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, আরেকটু সময় নিয়ে তাঁরা বিষয়টি সম্পর্কে জানাতে পারবেন। ২০০৪ সালে তৎকালীন হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে অগ্নিসংযোগ ঘটনার মামলার তদন্তের অগ্রগতি না হওয়ায় কমিটির অসন্তোষ প্রকাশ করে।সংসদীয় কমিটি বারবার চাপ দেওয়া সত্ত্বেও এসব ঘটনার তদন্তে অগ্রগতি কেন হচ্ছে না, জানতে চাইলে আবদুস সালাম বলেন, কমিটির কিছু সীমাবদ্ধতা আছে। কমিটি তো সুপারিশ বা চাপ দেওয়ার বাইরে কিছু করতে পারে না।আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মির্জা আজম, মুজিবুল হক, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।