ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন বলে বিশ্বাস করেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেই তাঁদের ফেরত দিতে পারেন।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এই দাবি জানান। জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে। কিন্তু সে নির্বাচন হতে দেওয়া যাবে না। তাই সংসদে বিশেষ অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযোজন করার দাবি জানান তিনি।পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের দাবি জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, সরকার বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের সাহস পাচ্ছে না। এতেই প্রমাণিত হয় যে তারা ঘুষ নিয়েছে।