ইলিয়াস আলী নামটি সরকারের আতঙ্কের অগ্নিস্ফুলিঙ্গ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ইলিয়াস আলী গুমের আন্দোলন স্থবির হয়নি, স্থবির হওয়ার নয়। ইলিয়াস আলী কোনো ডেড ইস্যু নয়। এই নামটি সরকারের আতঙ্কের অগ্নস্ফুিলিঙ্গ। এই ইস্যুতেই সরকার পতন হবে।’আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে ‘অপহরণ ও গুম রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। ঢাকার লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এ সভার আয়োজন করে।বিএনপির এই নেতা বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল, তা সরকার পতনের জন্য শেষ আন্দোলন হতে পারত।মির্জা আব্বাস বলেন, হরতালের সময় গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলার পর বিএনপির নেতাদের যাঁরা কৌশলগত কারণে আত্মগোপনে থাকতে বলেছিলেন, তাঁরা বিএনপি ও তার আন্দোলনের প্রতি অন্যায় করেছিলেন। তিনি বলেন, কৌশলগত কারণে যে আত্মগোপনের কথা বলা হয়েছিল, তাতে বিএনপি নয়, আওয়ামী লীগই উপকৃত করেছে।সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বক্তাদের বক্তব্য শুনে মনে হয়েছে, ইলিয়াস আলীর স্মরণ সভায় উপস্থিত হয়েছি। ইলিয়াস আলী গুম হয়েছে। আর ফিরে আসবেন না।’গয়েশ্বর বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনাকে সরকার যদি সফলভাবে চাপা দিতে পারে, তাহলে এই গুমের রাজনীতি বন্ধ হবে না। ইলিয়াস আলীর মতো আরও অনেক রাজনীতিবিদও এই গুমের তালিকায় ছিল বলে তিনি দাবি করেন।সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিনও বক্তব্য দেন।