ইলিয়াস আলীকে উদ্ধার-তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি। তাঁকে খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মনিরুজ্জামানের আদালতে জমা দেওয়া তদন্তের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদনে এ কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মাইনুল ইসলাম।গত বৃহস্পতিবার ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রতি ৪৮ ঘণ্টা পর আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। তাঁর স্ত্রী তাহসিনা রুশদী গত বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত কর্মকর্তা ঘটনাটি তদন্তের বিষয়ে আবেদন করলে আদালত ওই আদেশ দেন।এদিকে উড়ো খবরের ভিত্তিতে ইলিয়াস আলী ও গাড়িচালক আনসারের সন্ধানে গতকাল সন্ধ্যায় গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে তাহসিনা রুশদীও ছিলেন বলে পুলিশ জানায়। কিন্তু ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে চালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাঁর গাড়ির দরজা খোলা অবস্থায় বনানী ২ নম্বর সড়কে রাস্তার মাঝখানে পড়ে ছিল। পুলিশ গাড়িটি উদ্ধার করে।এ ঘটনায় প্রথম থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, সরকারের লোকজন ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছে। তবে সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।