ইলিয়াস আলীকে খুঁজছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে এখন আর কারও কোনো তৎপরতা নেই। নিখোঁজের পর ২১ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। একাধিক সূত্র জানিয়েছে, ইলিয়াসকে খোঁজার তৎপরতা পুরোপুরি থেমে গেছে।ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস নিয়ে আমি অপেক্ষা করছি।’তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে কথা বলে জানা জানা গেছে, ইলিয়াস আলীকে নিয়ে এখন কোনো বাহিনীর কোনো তৎপরতা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র প্রথম আলোকে জানায়, তারা মনে করছে, ইলিয়াস আলী আর বেঁচে নেই। এ কারণে অভিযান নিয়ে কোনো মাথাব্যথাও নেই।গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর রূপসী বাংলা হোটেল থেকে বনানীর বাসায় যাওয়ার পথে বনানী এলাকা থেকে উধাও হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। বনানীর রাস্তায় পাওয়া যায় ইলিয়াসের গাড়িটি। এর পর থেকেই দাবি করা হয়, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পুলিশের গুলশান বিভাগ, বনানী থানা, ডিবি, র‌্যাব মাঠে নেমেছে। কিন্তু তারা আদৌ কী করছে, তা কেউ বলতে পারছেন না। সরকারের সব গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু চোখে পড়ার মতো তাদের কোনো তৎপরতাও নেই।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, ইলিয়াস আলীকে উদ্ধারের নামে র‌্যাব-পুলিশ যে অভিযান চালাচ্ছে, তা সবই লোকদেখানো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ইলিয়াস আলীর স্ত্রীকে নিয়ে পুবাইলে অভিযান চালানো ছাড়া পুলিশ বা র‌্যাব আর কোথাও কোনো অভিযান পরিচালনা করেনি। ইলিয়াসের অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় তাঁরা নীরব হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন।পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনা তদন্তে কোনো অগ্রগতি নেই। ঢাকার মহানগর হাকিম মুনিরুজ্জামানের আদালতে দাখিল করা এক প্রতিবেদনে এভাবে আরও একবার নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে পুলিশ। ইলিয়াস নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি জানাতে পুলিশকে নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ মেনে প্রতি ৪৮ ঘণ্টা পরপর প্রায় একই ধরনের প্রতিবেদন দাখিল করছে পুলিশ।র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ইলিয়াস আলী উদ্ধারে নানামুখী তৎপরতা চলছে। যখন সুনির্দিষ্ট কোনো কিছু পাওয়া যাবে, তখনই সব বলা যাবে। তবে তত্পরতা থেমে নেই বলে তিনি জানান।বিএনপির একজন দায়িত্বশীল নেতা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন পার হয়ে গেল। আমাদের কাছে খবর ছিল ইলিয়াস আলীকে একটি গোয়েন্দা সংস্থা আটকে রেখেছে। কিন্তু দিন যত পার হচ্ছে, এই খবরের ওপর আস্থা আর রাখতে পারছি না। পুলিশ ও র‌্যাব এমন সব লোকদেখানো অভিযান চালাচ্ছে, তাতে ভরসা পাওয়া যাচ্ছে না। দিন দিন নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়ছেন।’