ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে বলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেল রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করা হয়।বিএনপি সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীর নিখোঁজের বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করতে দলটি বৈঠকের আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, তাঁদের প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিএনপির নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইলিয়াস আলীর বিষয়টি রাষ্ট্রদূতদের অবহিত করেছি। দেশের মানুষের নিরাপত্তা নেই, তা বলেছি। এ ধরনের ঘটনার জন্য সরকারকে আমরা দায়ী করছি। কেননা, সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া।’ তিনি বলেন, রাষ্ট্রদূতেরা বলেছেন, তাঁরা তাঁদের নিজ নিজ সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন।