ইলিয়াস আলীর সন্ধান মেলেনি, উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার দুই দিন পরও কোনো খোঁজ মেলেনি। দলীয় নেতারা গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি তাঁদের উদ্ধারের আশ্বাস দেন।এদিকে ইলিয়াস আলীকে কেন আদালতে হাজির করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট গতকাল একটি রুল জারি করেছেন। এ ছাড়া এ বিষয়ে বনানী থানা পুলিশকে প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসার। ওই রাতে বনানীর ২ নম্বর সড়ক থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ। ইলিয়াস বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি। ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে গতকাল সিলেট বিভাগে হরতাল করেছে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। আগামী রোববার সারা দেশে হরতালও ডাকা হয়েছে।বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল সকাল সোয়া ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করেন। তাঁরা ইলিয়াস আলীকে উদ্ধারে মন্ত্রীর সহায়তা চান। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, ইলিয়াস আলীকে উদ্ধার করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, আ স ম হান্নান শাহ, আবদুল্লাহ আল নোমান, শাম্মী আক্তার প্রমুখ। বেলা পৌনে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ইলিয়াস আলীকে উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তাঁর আশ্বাসে আশাবাদী। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, সরকারের লোকজন তাঁকে উঠিয়ে নিয়ে গেছে।’ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ধরনের এক নেতার গুম হওয়া গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকও উপস্থিত ছিলেন। বিএনপি অভিযোগ করেছে, সরকারের কোনো সংস্থা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়। তার পরও বিরোধী দলের কাছে এমন কোনো তথ্য থাকলে, সেই তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর।দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ, ডিবি ও র‌্যাব কাজ করছে।তদন্ত: এ বিষয়টি তদন্ত করছে বনানী থানার পুলিশ। গতকাল পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বনানী ২ নম্বর সড়কে ঘটনাস্থলে যান। তবে তাঁরা কোনো প্রত্যক্ষদর্শী পাননি। ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিরাপত্তাকর্মী লুৎফর রহমানের বক্তব্য নিয়েছেন তাঁরা। লুৎফর জানিয়েছেন, তিনি মঙ্গলবার মধ্যরাতে একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগার শব্দ শুনেছেন। তবে তিনি কিছু দেখেননি। গাড়িটি উদ্ধারকারী পুলিশের সহকারী উপপরিদর্শক মাহাবুবর রহমানের সঙ্গেও কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।হাইকোর্টে রুল: বিএনপির নেতা ইলিয়াস আলীকে বেআইনিভাবে আটক করা হয়নি—এই মর্মে সন্তুষ্ট করতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিকেলে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের (হেবিয়াস করপাস) পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১০ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সকালে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর এই রিট আবেদন করেন। বেলা তিনটায় শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন। এ সময় আদালত মওদুদ আহমদকে উদ্দেশ করে বলেন, ‘আমরা শুনানি মুলতবি রাখছি। আপনারা ওই আদালতে যান। পরে আবেদনকারীর আইনজীবীরা বিচারপতি এ এইচ এম শাসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে যান। সেখানে মওদুদ আহমদ বলেন, সকালে ইলিয়াস আলীর স্ত্রীর রিট আবেদনটি করেন। রাষ্ট্রপক্ষকে নোটিশ দিয়ে এটা অবহিত করা হয়েছে। আদালত বলেন, ঠিক আছে ওই কোর্টে যান। ওই কোর্টে কী হয়, তা-ও জানান। পরে বেলা সাড়ে তিনটার দিকে মওদুদ আহমদসহ ইলিয়াস আলীর পক্ষের আইনজীবীরা বিচারপতি ফরিদ আহাম্মদের নেতৃত্বাধীন বেঞ্চে যান। মওদুদ জানান, আদালত রিট আবেদনের বিষয়ে অবগত ছিলেন না। আদেশটি স্থগিত রয়েছে। এই আদালতে কী হয়, তা জানাতে বলা হয়েছে। এ পর্যায়ে আদালত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, আদালত স্বতঃপ্রণোদিত আদেশ দিলেও তা স্থগিত আছে। এই আদালত কোনো আদেশ দিলেও তা পরস্পরবিরোধী হবে না। পরে রুল জারির আদেশদানকারী বেঞ্চ আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেন। এরপর মওদুদ আবেদনটি তুলে ধরলে আদালত রুল জারি করেন।পরে বিচারপতি ফরিদ আহাম্মদের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে রুল জারির আদেশটি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চকে অবহিত করা হয়। আদালত স্বতঃপ্রণোদিত আদেশটি প্রত্যাহার করার কথা বলেন। মওদুদ সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে কেন আদালতে হাজির করা হবে না, এ মর্মে আদালত রুল জারি করেছেন। অপর বেঞ্চের দেওয়া স্বতঃপ্রণোদিত আদেশটি প্রত্যাহার করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, স্বতঃপ্রণোদিত আদেশে নিখোঁজ হওয়ার পর থেকে ইলিয়াস আলীকে উদ্ধারে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা ২৯ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়।নিম্ন আদালত: ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানার পরিদর্শক মাঈনুল ইসলাম ঘটনা তদন্তের জন্য আদালতে আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মনিরুজ্জামান এ বিষয়ে বনানী থানার পুলিশকে প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তদন্তের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।