ইলিয়াস ইস্যুতে সমস্যায় পড়বে সরকার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ইস্যুতে সরকার সমস্যায় পড়বে। ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ঈদের পরে বিএনপি কঠোর আন্দোলনে নামবে। খবর ইউএনবির। মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীকে উদ্ধার করা এখন জাতীয় ইস্যু। কিন্তু সরকার এ ব্যাপারে কিছুই করছে না।আজ বৃহস্পতিবার ইলিয়াস আলীর বনানীর বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের জন্য ঈদের উপহার নিয়ে যান। মির্জা ফখরুল বলেন, দেশে একের পর এক গুমের ঘটনা ঘটছে। এটি মানবতার লঙ্ঘন। তিনি বলেন, সিলেটে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে ইলিয়াস আলী আন্দোলন করেছিলেন বলেই সরকার তাঁকে গুম করেছে। ইলিয়াস আলীর পরিবার এখনো বিশ্বাস করে, তিনি বেঁচে আছেন। তাঁকে ফিরিয়ে দিতে সরকার ব্যবস্থা নেবে। গত ১৭ এপ্রিল মধ্যরাতে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।