ইলিয়াস ইস্যুতেই সরকারের পতন হবে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গুম আর খুনের রাজনীতি শুরু করেছে। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর কথা উল্লেখ করে তিনি বলেন, এই ইস্যুতেই সরকারের পতন হবে। আজ বুধবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর মায়ের খোঁজ-খবর নেওয়া ও সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিলে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্নীতির কারণেই দেশের মানুষ আজ নির্যাতিত। বিভিন্নভাবে দেশের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। তিনি এর বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সরকারদলীয় নেতারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কিছুই করতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শাহেন শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।