ইলিয়াস চাঁদপুরে আসছেন, এমন খবরে সতর্ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলী অ্যাম্বুলেন্সে করে চাঁদপুরের মতলব উত্তরে আসছেন—এমন সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।আজ শনিবার রাতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর জানান, তাঁরা খবর পান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলিয়াস আলী কুমিল্লার দাউদকান্দি হয়ে চাঁদপুরের মতলব উত্তরে অ্যাম্বুলেন্সযোগে প্রবেশ করছেন। এ খবর পাওয়ার সঙ্গে মতলব উত্তর থানাকে অবহিত করা হলে পুলিশের কয়েকটি দল মতলব উত্তরের শ্রীরায়ের চর ও ইসলামপুর ইউনিয়নের রায়পুর গ্রামে সতর্ক অবস্থান নিয়েছে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী শিকদার প্রথম আলো ডট কমকে জানান, ইলিয়াস আলী আসছেন এমন খবর শুনে রাত আটটা থেকে তাঁরা বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে যাওয়াসহ অবস্থান নিয়ে আছেন।এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরীর নির্দেশে মতলব উত্তর উপজেলার ২০টি স্থানে পুলিশ, গোয়েন্দা নজরদারিসহ এই উপজেলার শ্রীরায়ে চর, ছেঙ্গারচর ও মতলব ফেরিঘাটে পুলিশ চেকপোস্টও বসানো হয়েছে। তবে পুলিশ জানায়, তাদের এলাকায় এ পর্যন্ত কোথাও কোনো অ্যাম্বুলেন্স আসার খোঁজ পায়নি।১৭ এপ্রিল রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসারসহ নিখোঁজ হন।