ইলিয়াস নিখোঁজ ঘটনার তদন্তে অগ্রগতি নেই
মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেল রূপসী বাংলা থেকে বের হয়েছিলেন ইলিয়াস আলী। এরপর বাংলামোটর এলাকা থেকে তিনি একজনকে ফোন করেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, সোয়া ১২টার মধ্যে ইলিয়াসের গাড়িটি আমতলী হয়ে বনানী ২ নম্বর সড়কে ঢোকে। এর পরের ঘটনাক্রম সম্পর্কে এখন পর্যন্ত অন্ধকারে আছেন তদন্ত কর্মকর্তারা।ইলিয়াস নিখোঁজ হওয়ার তিন দিনেও পুলিশ, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকালও বলেছেন, তাঁকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।গতকাল র্যাবের একটি সূত্র জানায়, তাঁরা হোটেল রূপসী বাংলার ফটকে লাগানো সিসি ক্যামেরার ভিডিওচিত্র সংগ্রহ করে দেখেছেন। এতে দেখা গেছে, রাত ১০টা ৫৩ মিনিটে ইলিয়াসের গাড়িটি হোটেলের ভেতরে ঢোকে। ১২টায় তাঁর গাড়িটি ফটক দিয়ে বের হয়ে যায়। হোটেলের কর্মীরা র্যাবকে জানিয়েছেন, ইলিয়াস হোটেলের ভেতরে একজনের সঙ্গে দেখা করেন।হোটেল থেকে বের হওয়ার পরই রাত ১২টা দুই মিনিটে সিলেটের একজন সাংবাদিককে ফোন করেন ইলিয়াস। তখন তিনি বাংলামোটর এলাকা পার হচ্ছিলেন। এরপর তাঁর মুঠোফোনে আর কোনো কথোপকথন হয়নি। তাঁর আগে ইলিয়াস তাঁর চালক আনসার আলীকে ফোন করেন। ফোন করার বিষয়টি মুঠোফোনের কথোপকথনের তালিকা থেকে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।র্যাব ওই সাংবাদিকের সঙ্গেও কথা বলেছে। তবে তাঁর বক্তব্য থেকে কোনো উল্লেখযোগ্য তথ্য মেলেনি। সাংবাদিকের সঙ্গে এলাকার বিষয়ে কথা বলেন ইলিয়াস।মঙ্গলবার রাত একটার পর বনানী থানার সহকারী উপপরিদর্শক মাহাবুবর রহমান ইলিয়াসের গাড়িটি সামনের দুই দরজা খোলা অবস্থায় বনানী ২ নম্বর সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখেন। কর্মকর্তাদের ধারণা, কৌশল করে পেছন থেকে অন্য গাড়ি দিয়ে ধাক্কা মেরে গাড়িটি থামানো হয়।নাটক প্রমাণ করুন: গতকাল দিনভর ইলিয়াসের বাড়িতে ছিল নেতা-কর্মী, সাংবাদিকদের ভিড়। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর গতকাল সকালে সাংবাদিকদের বলেন, ইলিয়াসকে অবশ্যই কোনো বড় শক্তি ধরে নিয়ে গেছে। সরকারের কোনো সংস্থাও হতে পারে। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকে। মহাখালী ফ্লাইওভারের নিচে পুলিশের সিসি ক্যামেরা রয়েছে। কোনো সংস্থা ছাড়া অন্য কারও পক্ষে এ কাজ সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা জানে না, তা হতে পারে না। ইলিয়াস সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ইলিয়াসকে ফিরিয়ে দিয়ে ‘নাটক’ প্রমাণ করুন।ইলিয়াসকে ধরে নিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে তাহসিনা বলেন, সরকারের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী কথা বলেন তিনি। টিপাইমুখ বাঁধ, সীমান্ত সমস্যা নিয়ে কথা বলেছিলেন। এসব কারণেই মনে হয় সরকারের শক্তিশালী কোনো সংস্থা তাঁকে ধরে নিয়ে গেছে।তাহসিনা বলেন, মঙ্গলবার রাত একটার দিকে বড় ছেলে তাঁকে ঘুম থেকে ডেকে থানা থেকে ফোন আসার কথা জানায়। তিনি ভেবেছিলেন, গাড়ি হয়তো দুর্ঘটনায় পড়েছে। তখন তিনি ছেলেকে বাবার (ইলিয়াস) নম্বরে ফোন করতে বলেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। চালকের ফোনও প্রথমে কেউ ধরেনি।তাহসিনা বলেন, ইলিয়াস তাঁকে বলেছিলেন তিনি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত। বিভিন্ন শঙ্কার কথাও বলেছিলেন।