প্রধানমন্ত্রীকে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইলিয়াস নিখোঁজ সম্পর্কে সরকারের কাছে তথ্য নেই
নিখোঁজ ইলিয়াস আলীর ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। চেষ্টা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর খোঁজ পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীকে এসব কথা বলেন।মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় সোহেল তাজের পদত্যাগের বিষয়টিও আলোচনায় আসে। প্রধানমন্ত্রী ইলিয়াস নিখোঁজ-রহস্য উদ্ঘাটনে চেষ্টা অব্যাহত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।বৈঠক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় এখনো মনে করে, বিএনপির অভ্যন্তরীণ সমস্যায় ইলিয়াস আলী নিখোঁজ হতে পারেন। এদিকে তানজিম আহমদ সোহেল তাজের সংসদ থেকে পদত্যাগের বিষয়টিও ঝুলে থাকতে পারে। আইনি জটিলতা দেখিয়ে পদত্যাগপত্র গ্রহণ করা না-ও হতে পারে। তিন বছর আগে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও এখনো তা গ্রহণ করা হয়নি।ওই সূত্রমতে, সোহেল তাজের পদত্যাগে প্রধানমন্ত্রী কষ্ট পেয়েছেন। তিনি বলেছেন, ‘সোহেল তাজ একজন নেতার ছেলে। তাকে আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না।’আলোচনায় সোহেল তাজের পদত্যাগের বিষয়ে আইনগত ত্রুটির কথা বলা হয়। পদত্যাগ করতে হলে তাঁকে সশরীরে এসে পদত্যাগ করতে হবে। এভাবে পদত্যাগপত্র গ্রহণ আইনসিদ্ধ হবে না। তবে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, স্পিকার চিন্তাভাবনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গতকালের আলোচনায় একজন মন্ত্রী সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণের পক্ষে মত দেন। তাঁর মতে, এটি ঝুলে থাকলে এ আলোচনা চলতেই থাকবে। পদত্যাগপত্র গ্রহণ করলে বিষয়টি শেষ হয়ে যাবে। প্রতিমন্ত্রী হিসেবে যে ভাতা সোহেল তাজের ব্যাংক হিসাবে জমা হয়েছে, তা ফেরত নেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দরখাস্ত করা নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ টাকা সরকারের কোষাগারে ফেরত দিতে হলে প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে। আগে তাঁকে টাকা তুলতে হবে। তারপর ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। গতকাল রাতেও প্রধানমন্ত্রী কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তবে বিরোধী দল হরতাল বা অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখলে আওয়ামী লীগও দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামবে। প্রধানমন্ত্রী এ রকম মনোভাবই পোষণ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে শিগগিরই দলীয় বৈঠক ডাকা হতে পারে।রাজধানীতে প্রতিমন্ত্রীদের গাড়িতে পতাকা ওড়ানোর সুযোগ দেওয়ার দাবি তোলেন একজন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী এ বিষয়ে আইনগত দিক জেনে সিদ্ধান্ত দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।