ইলিয়াস নিখোঁজের প্রতিবাদে নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার দুই মাসের মাথায় ফের লাগাতার কর্মসূচি দিয়ে আন্দোলনে নামছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।২০ জুন থেকে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে। ১০ থেকে ১২ জুলাই সিলেট জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ।গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এ ঘটনার পরদিন থেকে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তাঁর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ উত্তাল হয়ে ওঠে। টানা হরতাল কর্মসূচি চলাকালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওয়ার্ড ছাত্রদল সভাপতি সেলিম আহমদ, যুবদল কর্মী মনোয়ার হোসেন ও বিশ্বনাথের রিকশাচালক জাকির হোসেন নিহত হন।সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রথম আলো ডটকমকে জানান, ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এ আন্দোলনকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।