ইলিয়াস সরকারের হেফাজতেই আছেন...
সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন ইলিয়াসকে গুম করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এম ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। অবিলম্বে ইলিয়াসকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। নইলে পরিণতি হবে ভয়াবহ।’ আজ বুধবার দুপুরের দিকে নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত ১৮ দলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সরকারের গুম, হত্যা ও নির্যাতনের শিকার এম ইলিয়াস আলীসহ দেশের মানুষ। সব ক্ষেত্রে ব্যর্থ এ সরকার দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে। তাই বর্তমান মহাজোট সরকারের কাছে জনগণের পাশাপাশি দেশও কোনোভাবে নিরাপদ নয়।সিলেট নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, খেলাফত মজলিসের আবদুল হান্নান, এলডিপির সায়েদুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে শুরু হয় গণসংযোগ কর্মসূচি। ওই গণসংযোগ জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেট হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়।