ইলিয়াসকে অনতিবিলম্বে ফেরত দিন: হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অনতিবিলম্বে ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। তা না হলে আজ বিকেলে দলীয়ভাবে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আজ রোববার বনানীতে ইলিয়াস আলীর বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন হান্নান শাহ। পরে বেলা পৌনে ১২টার দিকে পুলিশের প্রহরায় তাঁকে আবার ডিওএইচএসের বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে আজ বেলা ১১টার দিকে হান্নান শাহ তাঁর ডিওএইচএসের বাসা থেকে ১০-১২ জন নেতা-কর্মীকে নিয়ে বের হন। তাঁরা মহাখালী পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় হান্নান শাহ জানান, তাঁরা ইলিয়াস আলীর বাড়ি যাচ্ছেন। তখন পুলিশ পাহারা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বনানীতে ইলিয়াস আলীর সিলেট হাউজের বাসায় পৌঁছে দেয়।ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে আজ সারা দেশে হরতাল পালন করছে বিএনপি। গত ১৮ এপ্রিল বিএনপি এই হরতাল ডাকে।