বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারে ব্যর্থতার জন্য পুলিশ বিভাগকে দোষারোপ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদকে প্রশ্নবাণে জর্জরিত করেন।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ দোষারোপ করা হয়। ইলিয়াস আলীকে উদ্ধারকাজে অগ্রগতি না হওয়ায় এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের তৎপরতায় কমিটি হতাশা প্রকাশ করে। বৈঠক শেষে কমিটির সভাপতি আলী আশরাফ এবং সদস্য রাশেদা বেগম সাংবাদিকদের এসব বিষয় জানান।আলী আশরাফ বলেন, ইলিয়াস আলীকে এখনো উদ্ধার না করতে পারার ব্যর্থতা পুলিশের। পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। পুলিশের ব্যর্থতার জন্য অযথা সরকারকে রাজনৈতিক ঝামেলায় পড়তে হচ্ছে। তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রসচিবকে বলেছি, ইলিয়াস আলী কোথায়, তাঁকে খুঁজে বের করুন। আজ তাঁকে পাওয়া যাচ্ছে না। কাল আরেকজন হারিয়ে যাবেন। এভাবে চলতে পারে না। মানুষের ধারণা, পুলিশ বিভাগ সম্পূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জিত। পুলিশকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের পালাবদল হবে, কিন্তু পুলিশ বাহিনী থেকে যাবে। সুতরাং, তাঁদের সততার সঙ্গে কাজ করতে হবে।’বৈঠক সূত্র জানায়, ইলিয়াস আলীর প্রসঙ্গ উত্থাপন করেন বিএনপির সাংসদ রাশেদা বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রসচিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গা বাঁচানো উত্তর দিয়েছেন। বলেছেন, র্যাব ইলিয়াস আলীর ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় নিয়ে খোঁজ করছে। দলের অভ্যন্তরে তাঁর বিরোধীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। সচিবের কথা শুনে মনে হয়েছে, তিনি একটি বিশেষ দলের হয়ে কথা বলছেন।’বৈঠকে কমিটি জনপ্রশাসন, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে। এ বিষয়ে আলী আশরাফ সাংবাদিকদের বলেন, এডিপি কেন বাস্তবায়িত হবে না? যতটুকু বাস্তবায়িত হবে, ততটুকু পরিকল্পনা করলেই তো হয়। অর্থবছর শেষ হতে চলেছে, এডিপির বাস্তবায়ন মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ। প্রশাসনে দক্ষ লোকের অভাব আছে বলেই এডিপির শত ভাগ বাস্তবায়িত হচ্ছে না। প্রতিশ্রুত ১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রক্রিয়াধীন পড়ে আছে। তাই কমিটি এডিপির শত ভাগ বাস্তবায়নে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সক্রিয় হতে সুপারিশ করেছে।আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, বি এম মোজ্জাম্মেল হক ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুসতাক আহমদ ছাড়াও বৈঠকে অভ্যন্তরীণ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. মোজাম্মেল হক এবং জনপ্রশাসন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।