ইলিয়াসকে উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে গতকাল সোমবার বলা হয়েছে, বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীকে উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।প্রেস নোটে বলা হয়, ১৭ এপ্রিল দিবাগত রাতে বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সরকার তাঁকে উদ্ধারে অত্যন্ত সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। নিরন্তর এ প্রচেষ্টার মাঝে সব নির্ভরযোগ্য সম্ভাব্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে ইলিয়াস আলীকে উদ্ধারের প্রচেষ্টায় তাঁর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক সহায়তা করেছেন।সরকার এ অবস্থায় অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছে, সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সহায়তার মাধ্যমে উদ্ধারকাজ ত্বরান্বিত করার পরিবর্তে প্রধান বিরোধী দল আপত্তিকর ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছে ও জনসাধারণকে উত্তেজিত করার উদ্দেশ্যে লাগাতার হরতালের কর্মসূচির মাধ্যমে চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে। একই সঙ্গে অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, কতিপয় সংবাদপত্র কল্পনাপ্রসূত বিভিন্ন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। এসব সংবাদে এমনকি বিভিন্ন শর্ত বা দফার মাধ্যমে ইলিয়াস আলীর মুক্তির জন্য দর-কষাকষির মতো জঘন্য ও কল্পনাপ্রসূত বক্তব্যের অবতারণা করে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা নেওয়া হচ্ছে। এ ধরনের অবাস্তব বক্তব্যের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন ও উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত করা নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আপত্তিকর।সরকার সংশ্লিষ্ট সবাইকে এ জাতীয় কল্পনাপ্রসূত ভিত্তিহীন বক্তব্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা; হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে জনদুর্ভোগ ও হতাশার জন্ম না দেওয়া; জনসাধারণ্যে শান্তিশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা দেওয়া তথা ইলিয়াস আলীর উদ্ধার প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা দেওয়ার অনুরোধ জানাচ্ছে।