গণভবনে তাহসিনা রুশদীর
ইলিয়াসকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।গতকাল বুধবার গণভবনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর ও তাঁর তিন সন্তান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। বিকেল পাঁচটায় ছেলে আবরার ইলিয়াস (১৮), লাবিব শারা (১৬) ও মেয়ে সাইয়ানা নাওয়ালকে (৮) সঙ্গে নিয়ে গণভবনে পৌঁছান তাহসিনা রুশদীর। সঙ্গে ছিলেন ইলিয়াসের ভাই আলমগীর আলী ও বোন দিলারা শারমিন। প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা একান্তে কথা বলেন।সাক্ষাৎশেষে তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে কথা শুনেছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আশা রাখছি। দোয়া করবেন।’ তিনি আর বেশি কিছু বলেননি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীর স্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁদের দীর্ঘ সময় দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে। মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সার্বোচ্চ চেষ্টা করছে। ইলিয়াসের পরিবারের কাছে কোনো তথ্য থাকলে প্রধানমন্ত্রী তা জানিয়ে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।মাহবুবুল হক জানান, ইলিয়াসের স্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘পরিবারের সদস্য হারিয়ে গেলে বা নিখোঁজ হলে তার ব্যথা প্রধানমন্ত্রী বোঝেন বলেই ছুটে এসেছি।’