ইলিয়াসকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।একটি পাক্ষিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন বোধি ভিক্ষু এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম।কামরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব ইলিয়াস আলীকে খুঁজে বের করা। এটা আমি স্বীকার করি। তিনি যদি গুম, নিরুদ্দেশ বা নিখোঁজ হন, তাঁকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা শুনেছি ও পত্রিকায় পড়েছি ইলিয়াস আলীর গায়ে কিছু কালির দাগ থাকতে পারে। কিন্তু হরতালে যে পাঁচজন মারা গেল, তাঁরা কোনো রাজনীতি করতেন না। তাঁরা সাদা মানুষ ছিলেন।’যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পর্কে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এ ধরনের বিচারের বিরোধী মানুষ থাকে না। বাংলাদেশ একটি অদ্ভুত দেশ। এখানে একটি পক্ষ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে। যারা বিরোধিতা করছে, তারা মানুষ না। কিন্তু এদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়।’বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘একপেশে সংবাদ পরিবেশন করে হয়তো পত্রিকার কাটতি বাড়তে পারে। কিন্তু সেটা প্রকৃত সাংবাদিকতা নয়। বুদ্ধিজীবী, লেখক ও সাংবাদিকদের চিন্তার দৈন্য দূর করতে হবে। সত্যি কথা না বলে অনেকে এখন সমান্তরালভাবে সমালোচনা করতে চান। কোনো সরকার শতভাগ সফল হতে পারে না। আমাদেরও ব্যর্থতা আছে। সেগুলোর সমালোচনা করুন। কিন্তু সমান্তরালভাবে সমালোচনা করবেন না।’বিরোধী দলের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে ঐক্যের কথা বলছেন। ঐক্য চাইলে মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। সরকার নির্বাচন করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন। বর্তমান সরকার শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে।’ছয় মাসের মধ্যে বিচারক-সংকট নিরসন: বিচার বিভাগে নিয়োগ, পদোন্নতিসহ বিদ্যমান সমস্যা আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ সকালে চট্টগ্রাম আদালত ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া। ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে ‘জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট’ এবং ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’।কর্মশালায় কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০০ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরও ২০০ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে। বিচার বিভাগে নিয়োগ, পদোন্নতিসহ বিদ্যমান সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হবে।নারী নির্যাতন মামলার ক্ষেত্রে আইনের অপব্যবহার রোধ এবং মামলা পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক হতে আইনজীবীদের প্রতি অনুরোধ জানান আইন প্রতিমন্ত্রী। কর্মশালায় প্রায় ২০০ জন বিচারক ও সরকার নিয়োজিত কৌঁসুরাি অংশ নেন।