ইলিয়াসকে খোঁজা বিএনপির মূল উদ্দেশ্য নয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীকে খুঁজে বের করা বিএনপির মূল উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির মূল উদ্দেশ্য বিএনপির কিছু দুর্নীতিবাজ নেতা, খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই ছেলে ও মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। এসব কারণেই তাদের এ হরতাল কর্মসূচি।আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজি সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।হানিফ বলেন, ‘বিএনপির কর্মসূচিতে কোনো দিনই জনগণের সম্পৃক্ততা ছিল না, এখনো নেই। বিএনপির হরতাল আহ্বান সত্ত্বেও মানুষ এখন রাস্তায় নেমে এসেছে, দোকান-পাট খুলেছে, রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ইলিয়াস আলী কোথায় আছেন, তা আমরা কেউই জানি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর এ জন্য বিরোধী দলের সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তারা তা না করে সরকারকে অস্থিতিশীল করার জন্য একের পর এক হরতাল দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ইলিয়াস আলীকে খুঁজে বের করা সম্ভব হবে না।’হানিফ বলেন, গতকাল রোববার জামায়াত মাঠে নেমেছে এবং বোমাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এ থেকে প্রমাণিত হয়, তারা দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। বিরোধী দল এ কর্মসূচির মাধ্যমে জনগণকে দুর্ভোগে ফেলেছে। জনগণ তাদের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে।