ইলিয়াসকে গুম রেখে কী লাভ: টুকু
হরতালের আজ সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের জন্য বিরোধী দলকে দায়ী করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ওরা আবারও প্রমাণ করল, ওরা সন্ত্রাসীদের প্রতিনিধিত্ব করে। ওরা সন্ত্রাস ও হত্যার রাজনীতি পছন্দ করে। না হলে যেখান থেকে সারা দেশ পরিচালিত হয়, সেই সচিবালয়ের মতো জায়গায় চোরাগোপ্তা হামলা শুরু করেছে। ওরা কি করতে চায়, এই কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে।’বিএনপির ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের শেষ সময় আজ বিকেল পৌনে চারটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়ালের ভেতরের দিকে, মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ি রাখার স্থানের অদূরে, সামনের রাস্তায় ও নগর ভবনের সামনে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে।এর পরই সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।শামসুল হক টুকু বলেন, এ হামলা বিএনপির পরিকল্পনার অংশ। এ জন্য হরতাল আহ্বানকারীদের দায়িত্ব নিতে হবে। কারণ হরতাল দিলে অপরাধী, জঙ্গি ও সন্ত্রাসীরা উসকানি পায়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। কিন্তু তারা অব্যাহতভাবে দিনের পর দিন হরতাল দিচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাদের মাধ্যমে বিরোধী দলকে জিজ্ঞেস করতে চাই, তাদের কী লক্ষ্য। তবে, আমরা তাদের লক্ষ্য জানি। তারা যুদ্ধাপরাধীদের মুক্ত করতে চায়।’বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘চোরাগোপ্তা হামলা বন্ধ করতে হবে। হরতালের নামে নৈরাজ্যর কর্মসূচি বন্ধ করতে হবে। এভাবে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। শান্তিপূর্ণ কর্মসূচি দিলে সরকারের আপত্তি নেই। কিন্তু এ রকম কর্মসূচি অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে বাধ্য হব।’ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাঁড়াশি অভিযান চালানো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, ‘ইলিয়াসকে গুম রেখে সরকারের কী লাভ? তাদের সৃষ্ট জঙ্গির কাছে ইলিয়াসকে রেখে দিয়েছে কি না, তা-ই আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে বলেছি।’