ইলিয়াসকে জীবিত উদ্ধারই সরকারের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করাই সরকারের লক্ষ্য। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আর হরতাল দিয়ে মানুষকে জিম্মি করবেন না। ইলিয়াস আলীর নিখোঁজের সঙ্গে তারা (জনগণ) সম্পৃক্ত নয়। তাদের হয়রানি থেকে মুক্তি দেন। বরং সরকারকে সহযোগিতা করুন; যাতে আমরা তাঁকে খুঁজে পাই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হরতাল, ভাঙচুর, চালককে জীবিত হত্যা—এসব করে কি ইলিয়াসকে জীবিত পাওয়া সম্ভব? কেন তাঁর স্ত্রী ভিকটিম করা হচ্ছে, কেন তাঁকে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে। এটা কী রাজনীতি রাজনীতি খেলা।’সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বুধবার সন্ধ্যায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে ইলিয়াসকে জীবিত ফিরিয়ে আনার কথা বলেছেন। এ অবস্থায় বিরোধীদলীয় নেতা কী আমাদের এতটুকু সহায়তা করতে পারেন না।’ আগামী শনিবারের মধ্যে ইলিয়াসকে জীবিত উদ্ধার না করা গেলে বিএনপির কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করলে সৈয়দ আশরাফ বলেন, ‘তাদের উদ্দেশ্য যদি হয় ইলিয়াস আলীকে পুঁজি করে রাজনৈতিকভাবে গোল করা, তাহলে তা ভিন্ন কথা। আর যদি তথ্য দিয়ে সরকারকে সহায়তা করে, তাহলে ইলিয়াসকে পাওয়া সহজ হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইলিয়াস আলী সন্তানের পিতা, মহিলার স্বামী। কিন্তু তাঁর স্ত্রী ব্যথা কি আমরা অনুভব করতে পারি। তাঁকে উদ্ধারে সরকারের আন্তরিকতার অভাব নেই। আমরা অনেক বিষয়ে রাজনীতি করি। কিন্তু এ বিষয়ে রাজনীতি করার সুযোগ নেই।’তথ্য দিয়ে সরকারকে সহায়তার বিষয়ে আশরাফ বলেন, ‘আমরা আশা করেছিলাম বিরোধী দল সরকারকে তথ্য দিয়ে সর্বাত্মক সহায়তা করবে। কিন্তু তারা তা করেনি। কেবল তাঁর স্ত্রী তাহসিনা রুশদী সহায়তা করেছেন। তাঁর স্ত্রী র্যাবকে তথ্য দিয়ে সহায়তা করেন। র্যাব তাঁকে নিয়ে অভিযান চালায়। সেদিনই তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। কিন্তু পরের দিন মিডিয়ার সামনে তিনি অভিযানে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এমনকি ঘটনা ঘটল যে খালেদা জিয়ার সঙ্গে দেখার পর তিনি বিষয়টি অস্বীকার করলেন।’আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জি এ মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।১৭ এপ্রিল মধ্য রাতে রাজধানীর বনানী এলাকা থেকে চালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাঁর গাড়ির দরজা খোলা অবস্থায় বনানী ২ নম্বর সড়কে রাস্তার মাঝখানে পড়ে ছিল। পুলিশ গাড়িটি উদ্ধার করে।এরপর এ নিখোঁজের প্রতিবাদে বিএনপি ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল টানা তিন দিন সারা দেশে হরতাল পালন করে। এবং আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় বেঁধে দেয় দলটি। তা না হলে ২৯ এপ্রিল রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে আরও এক দফা টানা হরতাল আহ্বানের জন্য গতকাল বুধবার বিএনপিকে প্রস্তাব দিয়েছে ১৮ দলীয় জোটের শরিকেরা। দলগুলো রবি ও সোমবার টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকার ব্যাপারে জোর দিয়েছে। প্রস্তাবে টানা ৪৮ বা ৭২ ঘণ্টা হরতাল দেওয়ার কথা বলা হয়।