ইলিয়াসকে ফেরত না দিলে লাগাতার কর্মসূচি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি কাল মঙ্গলবার সারা দেশে আবারও সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ ঘোষণা দেন।এর আগে একই দাবিতে বিএনপি গতকাল রোববার ও আজ দেশব্যাপী হরতাল করেছে।মির্জা ফখরুল বলেন, ইলিয়াসকে সশরীরের হাজির করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ইলিয়াস আলীকে এই মুহূর্তে খুঁজে বের করে তাঁর পরিবারের কাছে ফেরত না দিলে লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতা ও নৈরাজ্য, আইনশৃঙ্খলায় হতাশাজনক পরিস্থিতি, লুটপাট, দখল, গুম, খুন, গুপ্ত হত্যা, অপহরণ ও সব শেষে সুরঞ্জিত সেনগুপ্তের লজ্জাজনক দুর্নীতির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। সরকার খুনের রাজনীতি শুরু করেছে। ইলিয়াস আলী অপহরণের পর এখন কোনো মানুষই নিরাপদ নয়। দেশের মানুষ সবাই আতঙ্কিত।ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার ইলিয়াস আলীর গুমের বিষয়টি নিয়ে নাটক বা প্রহসন করছে। এখনো ইলিয়াসকে জনসমক্ষে তারা হাজির করছে না অথচ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনেকের কথার মধ্যে অসংলগ্নতা প্রকাশ পাচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা চলছে অথচ প্রধানমন্ত্রী বলছেন, বিরোধীদলীয় নেতাই তাঁকে গুম করেছেন। এতে প্রমাণিত হয়, সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে। ইলিয়াস আলীকে অপহরণের নায়ক হচ্ছে সরকার। তিনি অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ হরতালে পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা হামলা চালিয়েছে। এতে তাঁদের বিপুলসংখ্যক নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকে।