ইলিয়াসকে র‌্যাব তুলে নিয়ে গেছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘ইলিয়াস আলীকে র‌্যাবের লোকেরা তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এই অভিযোগ করেন। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।খালেদা জিয়া বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে ইলিয়াস আলীকে সরকারের লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। আমরা অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তারা ভাবে না, চিরদিন এ সরকার বহাল তবিয়তে থাকবে না। এর আগে চৌধুরী আলমসহ আরও অনেককে তারা গুম করেছে, তাদের পাওয়া যায়নি। এদের প্রত্যেকের বিচার হবে। প্রয়োজনে মানুষ হত্যা ও দুর্নীতির বিচারের জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব।’এর আগে গতকাল সকালে ইলিয়াস আলীর বাসায় সাংবাদিকদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। তাঁকে সশরীরে হাজির না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে দিনব্যাপী দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন ও সরকারবিরোধী স্লোগান দেন। বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এতে উপস্থিত ছিলেন।