ইলিয়াসের খোঁজ জানতে করা রিটের শুনানি সোমবার
বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ জানতে করা রিটের শুনানি আগামী সোমবার। আজ বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন। গত ১৯ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর একটি রিট আবেদন (হেবিয়াস করপাস) করেন। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন। ইলিয়াস আলীকে বেআইনিভাবে আটক করা হয়নি, এ মর্মে সন্তুষ্ট করতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।পরবর্তী সময়ে ওই আদালতের এ বিষয়ে শুনানির এখতিয়ার না থাকায় রিট আবেদনকারীর আইনজীবীরা এ আদালতে তা উপস্থাপন করেন। আজ শুনানির দিন নির্ধারণের জন্য বিষয়টি কার্য তালিকায় আসে। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। আদালত থেকে বেরিয়ে মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ রুল শুনানির দিন নির্ধারণের বিষয়টি ছিল। আদালতে বলেছি, এটি গুরুত্বপূর্ণ মামলা। অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা দরকার। রুলের জবাব পাইনি। আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছেন। এ সময়ের মধ্যে সরকার চাইলে জবাব দিতে পারে।