ইলিয়াসের খোঁজ সরকার জানে, আশরাফের বক্তব্যেই প্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপির নেতা ইলিয়াস আলীর কোথায় আছে, তা সরকার জানে। তাই অবিলম্বে ইলিয়াসকে পরিবারের কাছে ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।বিএনপির ঘোষিত এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে ১৮ দলীয় জোটের শরিকেরা বক্তব্য দেন।আজ সকালের দিকে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করাই সরকারের লক্ষ্য। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, সরকার সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ইলিয়াসকে গুম করেছে। তিনি বলেন, সরকারের কোনো বাহিনী বা এজেন্সি ইলিয়াসকে গুম করেছে। সরকার জানে, ইলিয়াস কোথায় আছে। তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে এ কাজ করেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ইলিয়াস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক। বিএনপির তাঁর এই বক্তব্যে হতাশ ও ক্ষুব্ধ। সরকারকে বলব, লুকোচুরি না করে ইলিয়াসকে খুঁজে বের করুন।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে। নয় তো সরকারকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, এদের সময় শেষ হয়ে গেছে। কঠোর আন্দোলনের মাধ্যমে ইলিয়াস ফেরত দিতে সরকারকে বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ফিরিয়ে আনা হবে।স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কঠোর আন্দোলন করা ছাড়া বিএনপির সামনে আর কোনো বিকল্প নেই। তিনি জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আন্দোলন করে যেমন তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন, তেমনি এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।’সমাবেশের সভাপতি সাদেক হোসেন বলেন, আওয়ামী লীগ এখন আর একক কোনো শক্তি নয়। এই দলটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী বরেণ্য রাজনীতিবিদ তাজউদ্দিন আহমদের পরিবারই এই আওয়ামী লীগের সঙ্গে নেই। এদের আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো এখন কেবল সময়ের ব্যাপার।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান আযাদসহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।জামায়াতের নেতারা যুদ্ধাপরাধের অভিযোগে আটক দলীয় নেতাদের মুক্তি দাবি করেন।