ইলিয়াসের খোঁজের বিষয়টি নিয়মিতভাবে উত্থাপন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদ যুক্তরাজ্যকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাই তাঁকে খুঁজে বের করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে নিয়মিতভাবে উত্থাপন করে যাবে যুক্তরাজ্য। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন এ মন্তব্য করেন। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বাংলাদেশে ভূমি, শিক্ষা ও ধর্মীয় আচার পালনের স্বাধীনতা থাকলেও মানবাধিকার ও আইনের শাসন ঠিকমতো কাজ করছে না বলে অনেকের মত। এসব ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি করার সুযোগ রয়েছে।ইলিয়াস আলীসহ সাম্প্রতিক সময়ে গুম হওয়ার বিষয়টিকে কীভাবে দেখেন জানতে চাইলে ঢাকায় যুক্তরাজ্যের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের নিখোঁজ হওয়ার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ জন্য তাঁর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করেছি। ওই ঘটনার পর থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছি। তাঁরা কেন নিখোঁজ হয়েছে এবং তাদের খুঁজে বের করতে সম্ভাব্য সব কিছু করতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। ভবিষ্যতেও ইলিয়াস আলীর খোঁজের বিষয়টি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করে যাব।বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে তাঁর মতামত জানতে চাইলে গিবসন সরাসরি নিজের কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও ধর্মীয় আচার পালন ও গণমাধ্যম সত্যি বেশ ইতিবাচক। অনেকেই আবার বাংলাদেশের বেশ কিছু বিষয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করে থাকেন। এর মধ্যে রয়েছে সুশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। এসব বিষয়ে সমস্যা আছে বলে তাঁরা মনে করেন। আমি মনে করি, এসব ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি করার সুযোগ রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে অবাধ গণমাধ্যম জরুরি বলে মত দেন যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রধান চালিকাশক্তি হিসেবে অবাধ ও স্বচ্ছ গণমাধ্যমকে উসাহিত করার প্রয়োজনীয়তার ওপর আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি। কারণ, একটি দেশের বিবেক ও কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম। জনগণের উন্নয়নের স্বার্থে এটি যেমন তথ্য জানাতে পারে, তেমনি জনমতের প্রতিফলনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখতে পারে। পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে গণমাধ্যম। উন্নত গণমাধ্যম বস্তুনিষ্ঠতা, ভারসাম্য আর স্বচ্ছতায় বিশ্বাসী। তাই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কীভাবে শক্তিশালী হবে সেটা জনগণকে জানাতে পারেন একমাত্র গণমাধ্যম কর্মীরাই। জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জহিরুল আলম।