ইলিয়াসের গুম হওয়া নিয়ে সংশয় স্বরাষ্ট্রমন্ত্রীর
বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ সোমবার র্যাবের সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘ইলিয়াস আলী আদৌ গুম হয়েছেন কি না সে বিষয়ে আমার সংশয় রয়েছে। ইলিয়াস আলীরা যখন ক্ষমতায় ছিলেন, তখন অপারেশন ক্লিন হার্টের নামে অনেক হত্যাকাণ্ড হয়েছে। সে সময় ক্ষমতার অনেক তাণ্ডব দেখানো হয়েছে। তাতে অনেকেই গুম হয়েছিল। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, নাকি তিনি নিজেই গুম হয়েছেন, এটা আসলে দেখার বিষয়।’আজ বেলা সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে যান। এ সময় র্যাবের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বেলা একটার দিকে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত। তিনি বলেন, ‘বিএনপির সরকারের সময় অপারেশন ক্লিনহার্টের নামে বিশেষ অভিযানে অনেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং অনেক মানুষকে পঙ্গু করা হয়েছে। এসব ঘটনা তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড খুব কম হয়েছে। তিনি বলেন, সব ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞায় পড়ে না।সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন প্রসঙ্গে জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। মামলাটি আদালতের নির্দেশে র্যাব তদন্ত করছে। অতিসত্বর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না।’ ছয় মাসেও রহস্য উদঘাটন করতে না পারাটা ব্যর্থতা কি না, জানতে চাইলে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যারহস্য এখনো উদঘাটিত না হওয়ার উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। তদন্তেই সবকিছু বেরিয়ে আসবে।’রাজারবাগে ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন: আজ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।