ইলিয়াসের ঘটনা বিএনপির সাজানো নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় হরতালে রাজপথে থাকার জন্য দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাঁরা বলেন, ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনা পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিরোধী দল। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে এটি তাদের নতুন ষড়যন্ত্র।‘হরতালের নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে’ আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, হত্যা, খুন, গুম, ও ষড়যন্ত্র বিএনপির রাজনীতি। জিয়া অবৈধ পথে ক্ষমতায় এসে টিকে থাকার জন্য সেনাবাহিনীর শত শত সদস্যকে হত্যা করেছেন। খালেদা জিয়ার আমলে ২১ আগস্ট আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী হত্যাসহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের একাধিক নেতা ও এমপিকে হত্যা করা হয়েছে। বিগত ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের নামে মানুষ হত্যা করা হয়েছে। হরতালের আগের দিন গাড়িতে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হলো এক বাসচালককে।কালকের হরতালে দলের নেতা-কর্মীদের সতর্ক থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ইলিয়াস আলীর অন্তর্ধানকে ইস্যু হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। বিএনপি সাজানো নাটক, পাতানো খেলা আর ষড়যন্ত্র-কারচুপির নির্বাচনে বিশ্বাসী। ইলিয়াস আলীকে বিএনপির নেতারা গুম করেছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া বলছেন, তাঁকে র্যাব নিয়ে গেছে। তিনি যদি এটা জানেন, তবে তাঁকে কোথায় নিয়ে গেছে, সেটাও জানেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের দোসর খালেদা জিয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিচার বানচাল করতে চায়। তিনি বলেন, হরতালের আগের দিন বাসচালক পুড়িয়ে হত্যার দায়দায়িত্ব খালেদা জিয়া ও বিএনপিকে নিতে হবে। তিনি কাল হরতালের দিনে নেতা-কর্মীদের সতর্ক থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপির নেতারা ইলিয়াস আলীকে লুকিয়ে রেখে হরতালের কর্মসূচি দিয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধী দল যত কঠোর কর্মসূচি দেবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত কঠোর হাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও কঠোরভাবে তা মোকাবিলা করবেন।এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, আওলাদ হোসেন, আশরাফুন্নেসা মোশাররফ, এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।