ইলিয়াসের নিখোঁজ ঘটনায় উদ্বিগ্ন ইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের নিখোঁজ হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বেগ প্রকাশ করেছে। আজ বুধবার ঢাকায় ইইউ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স অ্যান্ড্রু বার্নাড এক বিবৃতিতে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় এ প্রতিক্রিয়া জানিয়েছেন।অ্যান্ড্রু বার্নাড বলেন, ‘আমরা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকসহ অন্তর্ধান-সংক্রান্ত সব প্রতিবেদনে উদ্বিগ্ন। আমরা আশা করব, কর্তৃপক্ষ সর্বশেষ ঘটনাসহ নিখোঁজ হওয়ার সবগুলো ঘটনার ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত চালাবে।’অ্যান্ড্রু বলেন, ‘এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আমরা সংযত আচরণের আহ্বান জানাই। পাশাপাশি সহিংসতার পরিবর্তে সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনেরও আহ্বান জানাই।’১৭ এপ্রিল নিখোঁজ হন বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক। এরই মধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওই ঘটনার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে।