ইলিয়াসের সন্ধানে পুবাইলে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসারের খোঁজে গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব ও পুলিশ। ইলিয়াস আলীর স্ত্রীর দেওয়ার অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যায় এ অভিযান শুরু হয়। ওই অভিযানে ইলিয়ার আলীর স্ত্রীও ছিলেন। তবে ওই বাড়ি থেকে ইলিয়াস আলী ও তাঁর চালকের কোনো সন্ধান মেলেনি।অভিযানে অংশ নেওয়া র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলো অনলাইনকে বলেন, আজ দুপুরে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী র‌্যাবকে ফোন করে জরুরি ভিত্তিতে তাঁর বাসায় যেতে বলেন। একই সঙ্গে তিনি গুলশান পুলিশকেও এ তথ্য দেন। পরে র‌্যাব ও গুলশান বিভাগের পুলিশ কর্মকর্তারা তাঁর বাসায় গেলে তিনি দলীয় কর্মীর সামনে কোনো কথা বলতে অস্বীকার করেন। পরে র‌্যাব ও পুলিশ কর্মকর্তাদের আলাদা করে ডেকে নিয়ে তিনি বলেন, তাঁর কাছে ইলিয়াস আলীর খোঁজ রয়েছে। এক যুবক তাঁকে এ তথ্য দিয়েছেন বলেও তিনি জানান। রুশদীর ওই ঠিকানার একটি মানচিত্র পুলিশ কর্মকর্তাদের দেখান।গুলশান বিভাগের এক পুলিশ কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ইলিয়াস আলীর বাসায় যান। পাঁচটার দিকে র‌্যাব-পুলিশের বহরটি গাজীপুরের পুবাইলের উদ্দেশে রওনা হন। তাদের সঙ্গে গাজীপুর পুলিশের একটি দলও অভিযানে নামে। তাদের সবার সামনে রুশদীর গাড়ি ছিল। ওই গাড়িটি অভিযান অংশ নেওয়া দলটিকে পথ দেখিয়ে নিয়ে যায়।র‌্যাবের পরিচালক বলেন, পুবাইলের মূল সড়ক থেকে এক কিলোমিটার ভেতরের একটি দোতলা বাড়িতে তাঁরা হানা দেন। ওই সময় সেখানে বিদ্যুত্ ছিল না। বাড়িটির মালিক এশিয়ান ইলেকট্রনিকসের মালিক হাফিজুল হকের। দোতলার বাড়ির সব কক্ষ তল্লাশি করে সেখানে কাউকে পাওয়া যায়নি। এরপর ওই বাড়ির আশপাশে আরও কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু সেখানেও কাউকে পাওয়া যায়নি। রাত পৌনে নয়টা পর্যন্ত এ অভিযান চলে। পরে কর্মকর্তারা সবাই ফিরে যান।র‌্যাবের কর্মকর্তা বলেন, এর পরও আর কোনো ঠিকানা আছে কি না, তাঁরা রুশদীর কাছে জানতে চান। আর কোনো ঠিকানা না জানার কথা বলেন ইলিয়াসের স্ত্রী। এর পর তাঁরা ফিরে আসেন।এদিকে ইলিয়াস আলী নিখোঁজের ব্যাপারে র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা স্বীকার করেছেন, এ নিখোঁজ রহস্য উদঘাটন নিয়ে তাঁরা এখনো অন্ধকারেই আছেন। তবে মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২৫ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, র‌্যাব ও ডিবি। তবে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, এ রহস্য উদঘাটনে ঢাকা মহানগর পুলিশ তিন সদস্যের একটি টিম গঠন করেছে। কমিটির সদস্যরা দিন-রাত চেষ্টা করছেন। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, এখন পর্যন্ত তাঁরা কোনোকিছুই বের করতে পারেননি।গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজধারীর বনানী এলাকা থেকে চালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাঁর গাড়িটি দরজা খোলা অবস্থায় বনানী ২ নম্বর সড়কে রাস্তার মাঝখানে পড়ে ছিল। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে।